সনদ পেয়ে আনন্দে আত্মহারা এইউডব্লিউর গ্র্যাজুয়েটরা

চট্টগ্রাম অফিস

চট্টগ্রামে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন এর গ্র্যাজুয়েট শিক্ষার্থীদের মধ্যে সনদ বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। নগরীর রেডিসন ব্লু হোটেলে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর ও বৃটেনের সাবেক ফার্স্ট লেডি শেরী ব্লেয়ার। অনুষ্ঠানে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, আফগানিস্তান, মিয়ানমার, ভুটান, শ্রীলঙ্কাসহ ১২ দেশের শতাধিক শিক্ষার্থীর হাতে সনদ তুলে দেওয়া হয়। দীর্ঘ শিক্ষা জীবন শেষে সনদ হাতে পেয়ে গ্র্যাজুয়েট শিক্ষার্থীরা উল্লসিত হয়ে পড়েন। অনুষ্ঠানে আফগানিস্তানের অর্থমন্ত্রী ও রাষ্ট্রপতির মুখ্য উপদেষ্টা মোহাম্মদ হুমায়ুন কাইয়ুমী ও বাংলাদেশের বিশিষ্ট রবীন্দ্র সঙ্গীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যাকে বিশ্ববিদ্যালয়ের সম্মানসূচক ডিগ্রি প্রদান করা হয়। সনদ বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা কামাল আহমেদ ও ভাইস চ্যান্সেলর নির্মলা রাও বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে অংশ নেওয়া তরুণ শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের অভিনন্দন জানিয়ে শেরী ব্লেয়ার বলেন, চট্টগ্রামের এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন এ অঞ্চলে নারী শিক্ষার প্রসারে অগ্রণী ভূমিকা পালন করছে। এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অত্যন্ত মেধাবী ও দক্ষ। আমি আশা করি, সফলভাবে শিক্ষা জীবন সম্পন্ন করার মাধ্যমে অর্জিত যোগ্যতাকে কাজে লাগিয়ে তারা নিজ নিজ সমাজ, দেশ ও জাতির কল্যাণে আত্মনিয়োগ করবে।