গোদাগাড়ীতে খোলা আকাশের নিচে ক্লাস

রাজশাহীর গোদাগাড়ীতে খোলা আকাশের নিচে ক্লাস করছে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা। উপজেলার কাদিপুর বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ২০০০ সালে স্থাপিত হয়। বিদ্যালয়টি শিক্ষকদের অর্থায়নে ২টি চাটাই দিয়ে ঘর তৈরি করে ছাত্র-ছাত্রীদের পাঠদান শুরু করে। বিগত ৪ বছর আগে চাটাই ঘর ২টি প্রবল ঝড়ে ভেঙ্গে গেলে বেশ কিছুদিন পাঠদান বন্ধ থাকে। এতে করে বিদ্যালয়ে অধ্যয়নরত ছাত্র-ছাত্রীরা চরম দুর্ভোগে পড়ে। এ বিদ্যালয়ে ছাত্র-ছাত্রীর সংখ্যা ১৭৮ জন। বিদ্যালয়ে রয়েছে ১ জন পুরুষ ও ৩ জন মহিলা শিক্ষক। বিদ্যালয়টি ক্লাসরুমের অভাবে এতদিন ক্লাস নিতে না পারলেও গত ৫ মাস আগে শিক্ষকদের ও সড়ক ও জনপদের (সওজ) অর্থায়নে ২টি ৫ ইঞ্চি পাকা ওয়াল ও উপরে টিনের ছাউনি দিয়ে ঘর তৈরি করে দেন। টিনের ছাউনির কারণে অতিরিক্ত তাপমাত্রা হওয়ায় ছাত্র-ছাত্রীরা রুমে বসে ক্লাস করতে পারে না। তাই বিদ্যালয়ের পাশের পুকুরের পাড়ে খোলা আকাশের নিচে ক্লাস নিচ্ছে শিক্ষকরা। এতে শিক্ষক ও ছাত্র-ছাত্রীদের লেখাপড়ার মনোভাব ভেঙ্গে পড়েছে। কাদিপুর বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইমাম হোসেন বলেন, এ বিদ্যালয়টি পুনর্বাসনের জন্য শিক্ষা অফিসে অনেক ঘোরাঘুরি করলেও কোন লাভ হয়নি। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ সানাউল্লাহ বলেন, কাদিপুর বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবনের বিষয়ে আবেদন করলে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জানানো হবে।