নাজিরপুরে গৃহবধূকে পুড়িয়ে মারার চেষ্টা স্বামী-শ্বশুর গ্রেপ্তার
নাজিরপুর (পিরোজপুর ) সংবাদদাতা
প্রকাশ : ২৩ জুন ২০১৩, ২০:১৫
স্বামী দু’হাত পিছনে নিয়ে ঘরের খুঁটির সাথে বাঁধে। এরপরে অপর একটি খুঁটির সাথে দু’পা। শ্বশুর বোতলের কেরোসিন গায়ে ঢেলে দিয়ে ছেলেকে বলে- “এখন পুড়িয়ে মেরে ফেল”। পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার ভীমকাঠী গ্রামে শুক্রবার মধ্যরাতে গৃহবধূ মালা রানীকে (৩২) এভাবেই হত্যা চেষ্টা চালায় তার স্বামী মনোজ মন্ডল ( ৪০) ও শ্বশুর মনমথ মন্ডল (৬০)। দুই শিশুকন্যা ও গৃহবধূ মালা রানীর ডাক-চিত্কারে স্থানীয়রা বিষয়টি টের পেয়ে নির্যাতিতা গৃহবধূকে উদ্ধার করে নাজিরপুর হাসপাতালে ভর্তি করে । খবর পেয়ে পুলিশ নৃশংস এ ঘটনায় জড়িত নরপশুরূপী স্বামী ও শ্বশুরকে রাতেই আটক করে। ইউপি সদস্য সেলিম শেখ সাংবাদিকদের জানান, “এ ঘটনার তিনদিন আগেও যৌতুক লোভী মনোজ তার স্ত্রী মালা রানীর উপরে শারীরিক নির্যাতন চালায়”। নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আব্দুল খালেক জানান, “ঘটনার বিষয়ে নির্যাতিতা গৃহবধূ বাদী হয়ে স্বামী ও শ্বশুরকে আসামি করে নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা হয়েছে ”।