ছাত্রলীগের হাতে শিবির নেতা প্রহূত
বগুড়া সরকারি কলেজে রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা
প্রকাশ : ২৩ জুন ২০১৩, ২০:১৫
শিবির কর্মীকে মারপিটের ঘটনায় অস্থির হয়ে উঠেছে বগুড়ার সর্ববৃহত্ শিক্ষা প্রতিষ্ঠান সরকারি আযিযুুল হক বিশ্ববিদ্যালয় কলেজের পরিবেশ। কলেজ ক্যাম্পাসে ছাত্রলীগ কর্মীদের হাতে দুই শিবির নেতা-কর্মী প্রহূত হওয়ায় ক্ষুব্ধ হয়ে উঠেছে ছাত্রশিবির। শিবির কর্মীরা যেকোন সময় সরকারি আযিযুল হক কলেজ, সরকারি শাহসুলতান কলেজ ও শহিদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজে প্রকাশ্যে মিছিল-মিটিং করার প্রস্তুতি নেয়। পুলিশের কাছে এ ধরনের আগাম তথ্য থাকায় শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নেয়া হয় অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা। শনিবার দুপুরে কাহালু উপজেলা শিবিরের সাবেক সভাপতি হুমায়ন কবির সাগর ব্যক্তিগত প্রয়োজনে সরকারি আযিযুল হক কলেজে গেলে ছাত্রলীগের কর্মীরা তাকে মারপিট করে পুলিশে দেয়। গত সপ্তাহে শাজাহানপুর উপজেলার এক শিবির কর্মীকে মারপিট করে পুলিশে দিয়েছে ছাত্রলীগ। ছাত্রশিবির বগুড়া শহর শাখার সেক্রেটারি রেজাউল করিম জানান, আমরা ক্যাম্পাসের পরিবেশ শান্ত রাখার স্বার্থে সুযোগ এবং পরিবেশ আমাদের অনুকূলে থাকার পরেও প্রকাশ্যে কোন তত্পরতা চালাচ্ছি না। কিন্তু ছাত্রলীগ শিবিরের কর্মীদেরকে একা পেলেই মারপিট করে পুলিশে দিচ্ছে। অচিরেই আমরা কলেজ ক্যাম্পাসে গিয়ে এসব অন্যায়ের প্রতিবাদ জানাবো। এদিকে জেলা ছাত্রলীগের সভাপতি আল রাজী জুয়েল জানান, শিবিরের ওই নেতা কলেজে গিয়ে কোন নাশকতা করার পরিকল্পনা করছিল। ছাত্রলীগের কর্মীদের কাছে ওই শিবির কর্মীর চলাফেরা সন্দেহজনক হওয়ায় তাকে মারপিট করে পুলিশে দেয়া হয়েছে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)’র দায়িত্বে থাকা পুলিশ পরিদর্শক (তদন্ত) নুরে আলম সিদ্দিকী জানান, শিবিরের ওই কর্মীকে কেউ মারপিট করেনি। কলেজ ক্যাম্পাসের বাহিরে ওই শিবির কর্মীকে একদল ছাত্র ধাওয়া করলে কলেজে কর্তব্যরত পুলিশ সদস্যরা তাকে আটক করেছে।