১৯ নভেম্বর নেপালের নির্বাচন

দীর্ঘ ২৩৯ বছরের রাজতন্ত্রকে ২০০৮ সালের মে মাসে আনুষ্ঠানিকভাবে বিদায় জানিয়ে প্রজাতন্ত্রের পথে যাত্রা শুরু করেছে নেপাল। ২০০৭ সালের ১৫ জানুয়ারি কার্যকর হওয়া অন্তবর্তীকালীন সংবিধান দ্বারা নেপালের বর্তমান শাসন কার্য চলে আসছে। ২০০৮ সালের নির্বাচনে জিতে ক্ষমতায় যান মাওবাদী নেতা পুষ্পকমল দহল প্রচন্ড। যদিও এই সরকার বেশিদিন স্থায়ী ছিল না। ২০০৮ সালের পর থেকে এ পর্যন্ত প্রায় তিনবার মন্ত্রিসভার রদবদল হয়েছে। নেপালের বর্তমান সরকার ব্যবস্থার ব্যর্থতার কারণে প্রধান চারটি রাজনৈতিক দল অন্তবর্তীকালীন সরকার ব্যবস্থার উপর ভরসা করছে। সাবেক প্রধান বিচারপতি খিল রাজ রেগমির নেতৃত্বে নির্বাচনের জন্য একটি অন্তবর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণ করেছে। নেপালের প্রধান রাজনৈতিক দলগুলো বলেছে, তারা বর্তমানে এমন একটি অবস্থানে পৌঁছেছেন যা প্রায় এক দশকের গৃহযুদ্ধের অবসান ঘটিয়ে একটি জোট সরকার গঠনে সক্ষম হবে। চলতি বছরের ১৯ নভেম্বর নেপালের জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনে ৪৯১ জন সদস্য নিয়ে একটি গণপরিষদ গঠন করা হবে এবং যার মেয়াদ থাকবে পাঁচ বছর পর্যন্ত। এই নির্বাচনের মধ্য দিয়ে নেপাল নতুন করে জন্মলাভ করবে বলে আশা ব্যক্ত করেছেন আইনমন্ত্রী হরি প্রসাদ নিউপানি প্রধান।