উইম্বলডন টেনিস কোর্টে গড়াচ্ছে আজ
ফেদেরারের লক্ষ্য ১৫তম, মারের প্রথম শিরোপা
প্রকাশ : ২৩ জুন ২০১৩, ২১:৪৭
সাতবারের চ্যাম্পিয়ন রজার ফেদেরার আজ সোমবার টেনিসের সবচে পুরনো গ্র্যান্ডস্ল্যাম উইম্বলডনে নিজের অষ্টম শিরোপার লক্ষ্যে কোর্টে নামবেন। একইদিনে নিজের প্রথম উইম্বলডন জয়ের চেষ্টায় লড়াই শুরু করবেন গতবছর এ ফেদেরারের কাছেই ফাইনালে পরাস্ত অ্যান্ডি মারে। খেলতে নামছেন রাফায়েল নাদালও।
ফেদেরারের জন্য এটি কেবল পড়তি বেলায় ঘুরে দাঁড়ানোই নয়, নিজের ক্যারিয়ারের রেকর্ড ১৭টি গ্র্যান্ডস্ল্যাম জয়কে বাড়ানোর চেষ্টাও। অল ইংল্যান্ড ক্লাবে প্রতিযোগিতার তৃতীয় বাছাই সুইস তারকা ফেদেরারের এ প্রয়াসটি শুরু হবে রোমানিয়ার ভিক্টর হানেস্কুর মোকাবিলার মধ্য দিয়ে। উইম্বলডনের ১২৭তম আসরটির প্রাক্কালে তিনি বলেন, আবার এখানে ফিরতে পেরে আমি খুবই খুশি। এ নিয়ে কোন সন্দেহ নেই। এটা সবসময়েই একটা আনন্দের ব্যাপার, বিশেষ করে যেখানে আমার অনেক স্মৃতি আছে। এটা শুধু গত বছরেরই নয়, গত ১৫ বছরের ঘটনা।’
বর্তমানে ৩১ বছর বয়সী ফেদেরার এক দশক আগে এ উইম্বলডনেই জিতে অমরত্বের পথে যাত্রা শুরু করেন। এমনকি গত বছরও অনেককে বিস্মিত করে বছরের তৃতীয় গ্র্যান্ডস্ল্যামটির শিরোপা তুলে নেন।
মারের জন্য অবশ্য শিরোপা জয়ের ক্ষেত্রে প্রত্যাশার চাপও একটা সমস্যা। কেননা ৭৭ বছর ধরে এ উইম্বলডনে স্বাগতিক কোন খেলোয়াড় শিরোপা জেতেনি। এক সপ্তাহ আগে কুইন্স এ শিরোপা জয়ী বৃটিশ খেলোয়াড়টি জার্মানির বেঞ্জামিন বেকারকে মোকাবিলার মধ্য দিয়ে যাত্রা শুরু করবেন। ১৯৩৬ সালে ফ্রেড পেরির পর আর কোন বৃটিশ টুর্নামেন্ট জিততে পারেননি।
দুইবারের চ্যাম্পিয়ন রাফায়েল নাদালও আজ কোর্টে নামবেন। তার বিপক্ষে থাকবেন বেলজিয়ামের স্টিভ ডারকিস। গত মাসে ফ্রেঞ্চ ওপেন জয়ের পরও অংকের মারপ্যাঁচে নাদালের র্যাংকিং কিছুটা কমে গেছে। তবে তিনি এ নিয়ে কিংবা বর্তমান চ্যাম্পিয়ন ফেদেরারকে নিয়ে দুশ্চিন্তায় নেই।
এছাড়া মেয়েদের বিভাগে দ্বিতীয় বাছাই অস্ট্রেলিয়ান ওপেন জয়ী ভিক্টোরিয়া অ্যাজারেঙ্কা, ২০০৪ সালের চ্যাম্পিয়ন মারিয়া শারাপোভা কোর্টে নামবেন। বর্তমান চ্যাম্পিয়ন ৩১ বছর বয়সী সেরেনা উইলিয়ামস কোর্টে নামবেন দ্বিতীয় দিনে।
উইম্বলডনে এবার নগদ পুরস্কারের পরিমাণ বাড়ানো হয়েছে। সে কারণেই প্রথম রাউন্ডে পরাস্ত খেলোয়াড়টিও পাবেন সাড়ে ২৩ হাজার পাউন্ড। অপরদিকে বিজয়ীরা পাবেন কমপক্ষে ৩৮ হাজার পাউন্ড করে।
এদিকে মাঠে হাজির না থেকেও বিশ্ব জুড়ে টেনিসামোদীরা ইউটিউবের মাধ্যমে উইম্বলডনের খেলা সরাসরি দেখতে পারবেন। ৭ জুলাই টুর্নামেন্টটি শেষ হওয়ার আগ পর্যন্ত এমনটা সম্ভব হবে উইম্বলডনের ইউটিউব চ্যানেলে। এছাড়াও চ্যানেলটিতে থাকবে সাক্ষাত্কার, বিভিন্ন গুরুত্বপূর্ণ ফুটেজ এবং সংবাদ সম্মেলনের সচিত্র বিবরণ।