ভাঙা গ্যালারিতে বসে ঝুঁকি নিয়ে খেলা দেখা

ময়মনসিংহের ঐতিহ্যবাহী গৌরীপুর স্টেডিয়ামের একমাত্র দর্শক গ্যালারিটির মেয়াদকাল শেষ হয়ে গেছে অনেক আগেই। তারপরও এটি ব্যবহার করা হচ্ছে এবং ঝুঁকির মধ্যে ঠেলে দেয়া হচ্ছে দর্শকদের। গ্যালারিটির বিভিন্ন অংশ ভেঙ্গে পড়ে, প্লাস্টার উঠে, বিভিন্ন স্থানে ফাটল ধরায় বিপজ্জনক রূপ ধারণ করেছে। মাইকে বার বার এটিকে বিপজ্জনক ঘোষণা ও লাল নিশান টানিয়ে ব্যবহারের অনুপযোগী ঘোষণার পরও বিভিন্ন জাতীয় দিবসে কুচকাওয়াজ দেখতে, ফুটবল, ক্রিকেট, হা-ডু-ডুসহ নানারকম খেলা উপভোগ করতে হাজারো দর্শক গ্যালারিটি ব্যবহার করছে। যেকোন মুহূর্তে এই ভগ্ন গ্যালারি ধসে অনেকের প্রাণহানি ঘটতে পারে । জানা যায়, ১৯৮৩ সালে উপজেলা পরিষদের ক্রীড়া ও সংস্কৃতি তহবিলের অর্থায়নে গৌরীপুর স্টেডিয়ামের দর্শক গ্যালারিটি নির্মাণ করা হয়। নির্মাণের পর থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অযত্ন ও অবহেলায় ১৯৯০ দশকের শুরুতেই গ্যালারির বিভিন্ন স্থানে ফাটল দেখা দেয় ও প্লাস্টার খসে পড়তে শুরু করে। এ নিয়ে সে সময় দেশের বিভিন্ন জাতীয় ও স্থানীয় দৈনিকে লেখালেখির পরও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এটি সংস্কার বা মেরামতের কোনো উদ্যোগ গ্রহণ করেনি। গ্যালারি নির্মাণের পর গত ৩০ বছরের মধ্যে সরকারের কয়েকবার পালাবদল হয়েছে কিন্তু স্টেডিয়ামের এই গ্যালারিটির কোনো ধরনের সংস্কার বা রক্ষণাবেক্ষণের উদ্যোগ কোনো সরকারই গ্রহণ করেনি। সরেজমিনে গিয়ে দেখা গেছে, গ্যালারিটির নিচের অংশ মাটিতে দেবে গেছে। সিঁড়িগুলোর বিভিন্ন অংশের প্লাস্টার খসে পড়ে রড বেরিয়ে আছে। গ্যালারির ছাদসহ বিভিন্ন জায়গায় কয়েক মিটার লম্বা কংক্রিটের অংশ ধসে পড়ে গিয়ে সুরঙ্গের মতো সৃষ্টি হয়েছে। পিলারগুলোর অবস্থা আরো নাজুক। বিভিন্ন অংশে দীর্ঘ ফাটল ধরাসহ প্রতিদিনই গ্যালারিটির ছাদের প্লাস্টার ও কংক্রিটের বিভিন্ন অংশ খসে পড়ছে। টানা বৃষ্টি, হালকা ভূমিকমপ ও যে কোন প্রাকৃতিক দুর্যোগ কিংবা বড় কোন খেলা চলাকালে দর্শকদের সামান্য ভারে যে কোন সময় ধসে পড়তে পারে স্টেডিয়ামের এই গ্যালারিটি। এছাড়া স্টেডিয়ামের প্রাচীরের দক্ষিণাংশে ফাটল ধরেছে, প্রায় ২০ ফুট প্রাচীর ইতিমধ্যে ভেঙ্গে গেছে। স্থানীয় খেলোয়াড়বৃন্দ ও এলাকাবাসী জানায়, প্রতিবছর এই স্টেডিয়ামে গৌরীপুর উপজেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে শেখ রাসেল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, অনূর্ধ্ব ১৪ ক্রিকেট প্রশিক্ষণ, ফুটবল প্রশিক্ষণ, ময়মনসিংহ জেলা ফুটবল এসোসিয়েশন আয়োজিত আন্তঃ উপজেলা ফুটবল, হা-ডু-ডু খেলা, গৌরীপুর উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত ইউএনও গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, আন্তঃস্কুল-মাদ্রাসা ফুটবল প্রতিযোগিতা, ক্লাব ভিত্তিক ফুটবল টুর্নামেন্ট নিয়মিত অনুষ্ঠিত হচ্ছে। প্রতিদিন খেলা দেখার জন্য মাঠে হাজার হাজার দর্শকের উপস্থিতি ঘটে। স্টেডিয়ামের জরাজীর্ণ পরিত্যক্ত এই গ্যালারিটি দর্শকে কানায় কানায় পূর্ণ হয়ে উঠে। কোনো ধরনের সতর্কতা বাণী বা বিজ্ঞপ্তি না থাকায় অনেকটা জীবনের ঝুঁকি নিয়েই দর্শকরা খেলা উপভোগ করে থাকেন। গৌরীপুর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সমপাদক আবুল কালাম আজাদ বলেন, আমরা গ্যালারিটি সংস্কার করার জন্য স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. মজিবুর রহমান ফকির এমপিসহ ক্রীড়া মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। কিন্তু এখন পর্যন্ত এ বিষয়ে কোনো ধরনের পদক্ষেপ নেয়া হয়নি।