সুজানগরে চড়া দামে আখের গুড় বিক্রি

সুজানগর (পাবনা) সংবাদদাতা

সুজানগরে চলতি রমজান মাসে সিন্ডিকেট করে আখের গুড় বিক্রি করা হচ্ছে। কতিপয় অসাধু গুড় ব্যবসায়ী রমজান মাসে অধিক মুনাফা লাভের জন্য চড়া দামে গুড় বিক্রি করছেন।

ভুক্তভোগী ক্রেতারা জানান, রমজান মাস শুরু হওয়ার আগেরদিনও প্রতি কেজি গুড় ৬০ থেকে ৭০ টাকা দরে বিক্রি  হয়েছে; কিন্তু রমজান মাসের প্রথম দিন থেকেই গুড় ব্যবসায়ীরা সিন্ডিকেট করে প্রতি কেজি গুড় ১শ টাকা দরে বিক্রি করছেন।

সুজানগর পৌর বাজারে গুড় কিনতে আসা ক্রেতা লিটন খান বলেন, রমজান মাসে আখের গুড়ের শরবত খেতে রোজাদাররা বেশি বেশি করে গুড় কিনে থাকেন। আর এ সুযোগে গুড় ব্যবসায়ীরা অধিক মুনাফা লাভের আশায় সিন্ডিকেট করে মাত্রাতিরিক্ত দামে গুড় বিক্রি করেন। গুড়ের বর্তমান এ বাজারে নিম্ন আয়ের মানুষের চাহিদা থাকলেও কিনতে পারছেন না।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুজিত্ দেবনাথ বলেন, সিন্ডিকেট করে গুড়ের দাম বাড়ালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।