গলাচিপায় শিশু অপহূত ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি

গলাচিপায় আত্মীয়ের বাড়ি বেড়াতে গিয়ে সাড়ে তিন বছরের শিশু সানজিদা আক্তার তুম্পা অপহূত হয়েছে। পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, গলাচিপা উপজেলার গজালিয়া গ্রামে হুমায়ুন কবিরের একমাত্র মেয়ে সানজিদা আক্তার তুম্পা গত বৃহস্পতিবার দাদী পারুল বেগমের সাথে বাবার নানা বাড়ি নিজ হাওলা গ্রামে বেড়াতে যায়। শনিবার রাতে ঘরের বারান্দা থেকে ঘুমন্ত অবস্থায় তাকে অপহরণ করে নিয়ে যায় সন্ত্রাসীরা। ওই রাতেই তারা ০১৯৬০৩১৬০৬৭ নম্বর থেকে মোবাইল ফোনে তুম্পার আত্মীয় ফজলুর রহমান হাওলাদারকে ফোন করে মুক্তিপণ হিসেবে ৫ লক্ষ টাকা দাবি করে। এ ব্যাপারে গলাচিপা থানা অফিসার ইনচার্জ এস এম জিয়াউল হক জানান, ঘটনাটি শোনার সাথে সাথেই গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে।