‘নারীর অধিকার সংরক্ষণে মানুষকে ধর্মীয় চেতনায় জাগ্রত করতে হবে’

সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী ট্রাস্টের আয়োজনে ‘বর্তমান সমাজে নারীর অধিকার সংরক্ষণে বুদ্ধিজীবীদের ভূমিকা’ শীর্ষক এক সংলাপ অনুষ্ঠানে বক্তারা বলেছেন, ইসলামই একমাত্র নারীর অধিকার নিশ্চিত করেছে। এ আইনকে কেউ খণ্ডন করতে পারবে না। নারীর অধিকার সংরক্ষণে মানুষকে ধর্মীয় চেতনায় জাগ্রত করতে হবে। নগরীর এলজিইডি ভবন সেমিনার হলে গত শনিবার এ সংলাপ অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। সংলাপ অনুষ্ঠানের আলোচনায় অংশ নেন চবি সমাজতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. গাজী সালেহ উদ্দিন, চবি যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক রওশন আক্তার, চবি আইন বিভাগের সহকারী অধ্যাপক মুহাম্মদ মঈন উদ্দীন, জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার প্রভাষক মাওলানা মুহাম্মদ আনিসুজ্জামান, আশেকানে আউলিয়া ডিগ্রি কলেজের প্রভাষক ড. মো. আনোয়ার হোসেন ও চট্টগ্রাম মহিলা অধিদপ্তরের মহিলা বিষয়ক কর্মকর্তা হোসনে আরা বেগম। অধ্যাপক গাজী সালেহ উদ্দীন বলেন, সমাজ যখন সৃষ্টি হয়েছে তখন ধর্ম সৃষ্টি হয়েছে। ধর্মকে আমি সংস্কৃতি হিসেবে দেখি। মহিলা বিষয়ক কর্মকর্তা হোসেন আরা বেগম বলেন, চলাফেরায় নারীর অধিকার হচ্ছে সবচেয়ে বেশি লংঘিত। এ জন্যে আমরা কমবেশি দায়ী। মাওলানা আনিসুজ্জামান বলেন, বুদ্ধিজীবী শুধু পুরুষ নয়, নারীরাও বুদ্ধিজীবী। নারী শুধু দাসী হিসেবে থাকবে সেটা ইসলাম কখনও বলেনি।