সাফ ফুটবল
প্রাথমিক দল ঘোষণা করলো বাংলাদেশ
প্রকাশ : ২৩ জুন ২০১৩, ২১:৫১
সাফ চ্যাম্পিয়নশীপের জন্য বাংলাদেশ ফুটবল দলের প্রাথমিক দল ঘোষণা করা হয়েছে। দল থেকে বাদ পড়েছেন গুরুত্বপূর্ণ ফুটবলার মোহামেডানের মারুফ আহমেদ, শেখ রাসেলের মামুন মিয়া, শেখ জামালের শাকিল আহমেদ এবং আবাহনীর কোমল। ডাক পেয়েছেন আবাহনীর আরমান আজীজ, শাহেদ, বিজেএমসির উত্তম কুমার বাবু, শেখ জামালের আরিফুল ইসলাম, শেখ রাসেলের বিপ্লব, উত্তম বণিক, নাহিদুল ইসলাম নাহিদ, মোহামেডানের ওয়াহেদ আহমেদ। প্রায় এক বছর পর আবার ডাক পেলেন ডিফেন্ডার আরিফুল ইসলাম। ডাচ কোচের নজরে পড়েছেন গোলকিপার বিপ্লব। আবার নতুন করে তার চ্যালেঞ্জ নেয়ার সময়। বিপ্লবসহ চার জন গোলকিপার ডাক পেয়েছেন দলে।
৩৫ জনকে ডাকা হয়েছে। ৩৫ জন বাছাই করেছেন ডাচ কোচ লুডভিক ডি ক্রুইফ। তারপরও এ তালিকায়ও চোটগ্রস্ত ফুটবলার রয়েছে। শেখ জামালের গোলকিপার মাসুদুর রহমান মোস্তাক চোটে আক্রান্ত। চোটগ্রস্ত এমন একাধিক ফুটবলার ডাক পেয়েছেন বলে জানা গেছে।
১ জুলাই ডাচ কোচ আসার কথা রয়েছে। সাফের দল নিয়ে ব্যাংককে যাওয়ার কথা রয়েছে। সেখানে ১৯ জুলাই থাইল্যান্ডের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলার কথা রয়েছে বাংলাদেশ ফুটবল দলের।
প্রাথমিক ডাক পাওয়া তালিকা
গোলকিপার মামুন খান, মেজবাবুল হক মানিক, সোহেল রানা, তপু বর্মণ, ওয়াহেদ আহমেদ, মোবারক হোসেন (মোহামেডান), গোলকিপার সোহেল, ওয়ালী ফয়সাল, মিশু, প্রাণতোষ, শাহেদ, আরমান আজিজ, শাখাওয়াত রনি (আবাহনী), গোলকিপার বিপ্লব, লিংকন, উত্তম বণিক, মামুনুল ইসলাম, এমিলি, মিঠুন, জাহিদ, নাহিদুল ইসলাম নাহিদ (শেখ রাসেল), গোলকিপার মাকসুদুর রহমান মোস্তাক, আরিফুল ইসলাম, নাসির, রায়হান হাসান, অরূপ বৈদ্য, ইয়ামিন মুন্না (শেখ জামাল), কেষ্ট কুমার বোস, তকলিস আহমেদ, ওমর ফারুক বাবু (বিজেএমসি), ইউসুফ সিফাত বাবু (ব্রাদার্স), গোলকিপার জিয়াউর রহমান জিয়া (মুক্তিযোদ্ধা)। তিন জন প্রবাসী বাঙ্গালি ফুটবলারও ট্রায়াল দেবেন। এদের মধ্যে রয়েছেন জামাল ভুঁইয়া (ডেনমার্ক), আনন্দ রহমান (অষ্ট্রেলিয়া) এবং রিসাত (জার্মানি)।