রমজান উপলক্ষে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি শুরু

রমজান উপলক্ষে খোলাবাজারে ন্যায্যমূল্যে নিত্যপণ্য বিক্রি শুরু করেছে সরকারের বিপণন সংস্থা ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। পণ্যগুলোর মধ্যে রয়েছে ভোজ্যতেল, চিনি, মসুর ডাল ও ছোলা। প্রতি লিটার বোতলজাত সয়াবিন ১২১ টাকা, খোলা সয়াবিন ১০৫ টাকা, পামঅয়েল ৭৫ টাকা, চিনি প্রতি কেজি ৪৪ টাকা, মসুর ডাল ৭০ টাকা ও ছোলা ৬০ টাকা দরে বিক্রি করা হচ্ছে। গতকাল রবিবার রাজধানীর মতিঝিল ও জাতীয় প্রেসক্লাবের সামনে ছাড়াও ২৫টি স্থানে ট্রাকে করে পণ্য বিক্রি করে টিসিবি। এছাড়া চট্টগ্রামে ১০টি, অন্যান্য বিভাগীয় শহরে পাঁচটি এবং প্রতিটি জেলা সদরে দুটি করে ট্রাকে এসব পণ্য বিক্রি করা হচ্ছে। সারাদেশে মোট দুই হাজার ৯৮৪ জন ডিলার এসব পণ্য বিক্রি করছে। প্রতিটি ট্রাকে দৈনিক ১ হাজার কেজি চিনি, ২’শ লিটার সয়াবিন তেল, ২শ’ কেজি করে ছোলা ও মসুর ডাল বিক্রি করা হবে।