যে কোনো মূল্যে নির্বাচন চান স্থপতি মোবাশ্বের
প্রকাশ : ২৩ জুন ২০১৩, ২১:৫১
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) গঠনতন্ত্র নিয়ে উচ্চ আদালতের যে মামলার কারণে প্রথমে নির্বাচন থমকে গিয়েছিল, সেই মামলার অন্যতম বাদী ছিলেন স্থপতি মোবাশ্বের হোসেন। সে মামলার রায়ের পর পর এখন আপিল বিভাগে আবার বিচারাধীন আছে বিসিবি গঠনতন্ত্র; ফলে আবারও থমকে আছে নির্বাচন। এখন যে কোনোভাবে দ্রুততম সময়ে বিসিবির নির্বাচন দেখতে চান ক্রিকেট বোর্ডের সাবেক এই পরিচালক। সে জন্য নিজের আগের অবস্থান থেকে সরে এসে ২০১২ সালের সংশোধিত গঠনতন্ত্রেও নির্বাচন করতে তিনি রাজী আছেন বলে গতকাল এক সংবাদ সম্মেলনে দাবি করলেন মোবাশ্বের হোসেন।
২০১২ সালের সংশোধিত এই গঠনতন্ত্র নিয়েও আবার আপত্তি আছে। তত্কালীন বোর্ড ইজিএম করে যে গঠনতন্ত্র অনুমোদন দিয়েছিল, সেখানে কিছু কিছু জায়গায় সংশোধন করে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) গত বছর নভেম্বর বিসিবিকে নতুন গঠনতন্ত্র পাঠায়।
১ মার্চ গঠনতন্ত্র অনুমোদনের পর পুরো ক্রীড়াঙ্গনেই বেশ তোলপাড় শুরু হয়। বিশেষ করে ক্রিকেটারদের কাউন্সিলরশীপ কেড়ে নেয়া হয়েছিল সেই সংশোধনী গঠনতন্ত্রে। অথচ, বিসিবি সাবেক এই পরিচালক এখন দাবি করছেন, সেই গঠনতন্ত্রে বিসিবির নির্বাচন হোক। এর পক্ষে তার যুক্তি হচ্ছে, ‘ক্রিকেটারদের কাউন্সিলরশীপ বাদ দেয়ার পক্ষে আমি নই। বিসিবি হাইকোর্টে যে আপিল করেছিল, সেটি তুলে নিলেই ১ মার্চের সংশোধনী গঠনতন্ত্রের অধীনে নির্বাচন হওয়া সম্ভব। ক্রিকেটারদের কাউন্সিলরশীপ ব্যাপারে নির্বাচিত নতুন বোর্ডই পদক্ষেপ নিতে পারে। কিন্তু এখন দরকার জরুরি ভিত্তিতে নির্বাচন।’
এই সংবাদ সম্মেলনে মোবাশ্বের হোসেন এ ছাড়াও প্রিমিয়ার লিগ আয়োজন করতে না পারায়, নির্বাচন নিয়ে ‘কার্যকর পদক্ষেপ’ না নেয়ায় এবং বিপিএলের নানা অনিয়মের জন্য বিসিবির বর্তমান এডহক কমিটির তীব্র সমালোচনা করেন।