শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ড ৪ কেবিন ক্রুকে তলব
প্রকাশ : ২৩ জুন ২০১৩, ২১:৫২
অসদাচরণ ও শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডের অপরাধে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চার কেবিন ক্রুর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেয়া হয়েছে। বিমানের ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ইতিমধ্যে তাদের কৈফিয়ত্ তলব করেছে। এই চার কেবিন ক্রু হলেন জুনিয়র পার্সার ফিরোজ মিয়া ওরফে আবির, মোহাম্মদ জাহিদ হোসাইন রাফসান, সেলিম ও ইকরাম।
সংশ্লিষ্ট সূত্র জানায়, বিমানের যেকোন আন্তর্জাতিক ফ্লাইট গন্তব্যের উদ্দেশ্যে ছাড়ার আগে সংশ্লিষ্ট চিফ পার্সার প্রি-ফ্লাইট ব্রিফিং করে থাকেন। এ ব্রিফিংয়ে ফ্লাইটে দায়িত্ব পালনের জন্য নিয়োজিত সকল কেবিন ক্রুর অংশগ্রহণ বাধ্যতামূলক। প্রচলিত আইন অনুযায়ী প্রি-ফ্লাইট ব্রিফিংয়ে অংশগ্রহণ ছাড়া কোন কেবিন ক্রু ফ্লাইট অপারেশনে অংশ নিতে পারেন না। যদি কেউ প্রি-ফ্লাইট ব্রিফিংয়ে উপস্থিত না থাকেন তাহলে তার বিরুদ্ধে কঠোর শাস্তির বিধান রয়েছে। কিন্তু সম্প্রতি জেদ্দা থেকে বিমানের একটি ফ্লাইট ঢাকার উদ্দেশ্যে ছাড়ার আগে ঐ চার কেবিন ক্রু চিফ পার্সারের প্রি-ফ্লাইট ব্রিফিংয়ে অংশগ্রহণ থেকে বিরত থাকেন। এ ব্যাপারে প্রাপ্ত অভিযোগের ভিত্তিতে বিমানের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে ঐ তিন কেবিন ক্রুকে কৈফিয়ত্ তলব করা হয়। এই কৈফিয়তের জবাব দেয়ার জন্য ৭২ ঘণ্টা সময় বেঁধে দেয়া হয়। কিন্তু ঐ সময়ের মধ্যে জবাব তো দূরের কথা, কৈফিয়তের চিঠি পর্যন্ত তারা গ্রহণ করেননি। উপরন্তু এই কৈফিয়ত্ তলবের জন্য অভিযুক্ত কেউ কেউ সংশ্লিষ্ট কর্মকর্তাকে নানা হুমকি দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
এ ব্যাপারে বিমানের একজন পদস্থ কর্মকর্তা জানান, সাম্প্রতিককালে একশ্রেণির কেবিন ক্রুর অসদাচরণ ও শৃঙ্খলা বিরোধী কার্যকলাপ বৃদ্ধি পেয়েছে। প্রি-ফ্লাইট ব্রিফিংয়ে অংশগ্রহণ না করা একটি গুরুতর অপরাধ। আর কৈফিয়ত্ তলবের চিঠি গ্রহণ না করাও শৃঙ্খলার পরিপন্থি। অভিযোগ প্রমাণিত হলে তাদের অবশ্যই শাস্তি পেতে হবে।