ফেনী-মাইজদী-সোনাপুর রুটে বিআরটিসি বাস প্রয়োজন

সিএনজি-রিকশা-টেম্পোর ভাড়া অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ার কারণে এবং ফেনী-নোয়াখালী সড়কটি মহাসড়ক হওয়ার পরিপ্রেক্ষিতে এ এলাকার মানুষ এখন বাসের ওপর নির্ভরশীল হয়ে পড়েছে। আর বৃহত্তর নোয়াখালীর ফেনী, সিলোনিয়া, দাগনভুঁইয়া, সেবারহাট, সেনবাগ, জমিদারহাট, সেতুভাংগা, একলাশপুর বাজার ও রমজানবিবি বাজার এলাকার জনগণ দীর্ঘদিন ধরে ফেনী থেকে মাইজদী তথা ফেনী-মাইজদী (নোয়াখালী)-সোনাপুর পর্যন্ত রুটে বিআরটিসি বাস সার্ভিস চালু করার অনেক আবেদন-নিবেদন করেও কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতে ব্যর্থ হয়েছে। ফেনী থেকে নোয়াখালী বা নোয়াখালী থেকে ফেনী যাতায়াতের জন্য এ বাস সার্ভিস জরুরি হয়ে পড়েছে। এ অবস্থায় জরুরিভিত্তিতে ফেনী থেকে মাইজদী পর্যন্ত অর্থাত্ ফেনী-মাইজদী (নোয়াখালী)-সোনাপুর রুটে বিআরটিসি বাস সার্ভিস চালু করার উদ্যোগ নিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বিনীত আবেদন জানাচ্ছি। আবু সাইদ চৌধুরী, শিক্ষার্থী, ইউরোপিয়ান ইউনিভার্সিটি, ঢাকা