ইমনের খুনিদের বাড়িতে আগুন, লাশ নিয়ে মিছিল
প্রকাশ : ২৩ জুন ২০১৩, ২২:৫৬
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় স্কুলছাত্র ইমন হোসেনকে নয় টুকরো করে হত্যার ঘটনায় উত্তাল হয়ে উঠেছে চর রাধানগর গ্রাম। গতকাল রবিবার দুপুরে ইমনের সহপাঠী ও গ্রামবাসীরা তার লাশ নিয়ে হত্যাকারীদের বিচারের দাবিতে মিছিল করেছে। মিছিল শেষে খুনিদের বাড়িতে আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধরা।
জানা গেছে, গতকাল দুপুরে ইমনের স্কুল বক্তাবলি কানাইনগর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা মিছিল নিয়ে তাদের বাড়িতে উপস্থিত হয়। এসময় মিছিলে ইমনের গ্রাম চর রাধানগরসহ আশপাশের গ্রামের হাজার হাজার মানুষ অংশ নেয়। মিছিল শেষে ইমনের খুনি পলাতক সিরাজ মিয়া তার ভাই আহম্মদ আলীর গাঙ্গপাড়ের বাড়িতে আগুন ধরিয়ে দেয় শিক্ষার্থী ও গ্রামবাসীরা।
এদিকে ময়না তদন্ত শেষে দুপুরে ইমনের পরিবারের কাছে তার লাশ বুঝিয়ে দেয় পুলিশ। জোহর নামাজের পর রাধানগর কবরস্থানে ইমনের লাশ দাফন করা হয়। ইমন হত্যার প্রতিবাদে কানাইনগর উচ্চ বিদ্যালয় নানা কর্মসূচি গ্রহণ করেছে। স্কুলের সহকারী প্রধান শিক্ষক হারুনুর রশীদ দুলাল জানান, আগামী ২৬ জুন সু্কল খোলার পর শিক্ষক ও শিক্ষার্থীরা জেলা পুলিশ সুপার সৈয়দ নূরুল ইসলামের কাছে স্মারকলিপি দেবে। ওই দিন তারা পরবর্তী কর্মসূচি গ্রহণ করবে।