দেশে ভয়াবহ দুঃশাসন চলছে :খালেদা জিয়া
প্রকাশ : ২৩ জুন ২০১৩, ২২:৫৮
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া বলেছেন, বর্তমান সরকার ক্ষমতাসীন হওয়ার পর বিরোধীদলের অসংখ্য নেতাকর্মী গুম, অপহরণ ও গুপ্তহত্যার শিকার হয়েছেন। ২৬ জুন আন্তর্জাতিক নির্যাতন বিরোধী দিবস উপলক্ষে এক বাণীতে তিনি একথা বলেন। তিনি বলেন, দেশে এখন ভয়াবহ দুঃশাসন চলছে।
এ বছরের শুরুর দিকে বর্তমান সরকার চরম দমনমূলক নীতি অবলম্বন করে ব্যাপক গণহত্যা চালিয়েছে। সাংবাদিক হত্যা এবং অসংখ্য সাংবাদিককে নিষ্ঠুরভাবে নির্যাতন নিত্যনৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। এছাড়াও মত প্রকাশের স্বাধীনতা স্তব্ধ করে দেয়ার জন্য একের পর এক সংবাদপত্র, টেলিভিশন বন্ধ করে দেয়া হয়েছে যাতে বিরোধীদের কণ্ঠ শোনা না যায়। তিনি বলেন, সরকারের অগণতান্ত্রিক ও অসহিষ্ণু আচরণের প্রতিবাদ করতে গেলেই লেলিয়ে দেয়া হয় তাদের নিজস্ব পেটোয়া বাহিনী। এই সরকারের পোষ্য সন্ত্রাসীদের হাতে দেশের বিভিন্ন স্থানে নারী ও শিশু ভয়াবহভাবে নির্যাতিত হচ্ছে। দেশের ধর্মপ্রাণ আলেম ওলামাদেরও নৃশংসভাবে হত্যা করা হয়েছে। মানুষ আদালতের কাছেও কোন ন্যায় বিচার পাচ্ছে না। সরকার স্বীয় স্বার্থে আদালতকে ব্যবহার করছে। এদেশে এখন বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে।
তিনি বলেন, জাতিসংঘ ঘোষিত আন্তর্জাতিক নির্যাতন বিরোধী দিবসটি অত্যন্ত তাত্পর্যময়। দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর ঔপনিবেশিক শৃঙ্খল থেকে জাতিসমূহ স্বাধীনতা অর্জন করলেও আজও বিশ্বব্যাপী চলছে জাতিগত, বর্ণগত, ভাষাগত এবং ধর্ম ও সম্প্রদায়গত সংঘাত। আর এই সংঘাত ও বিরোধের কারণেই সাধারণ মানুষরা দেশে দেশে নিষ্ঠুর স্বৈরশাসনের যাঁতাকলে পিষ্ট হয়ে নিহত ও পঙ্গুত্ববরণ করছে। সারাবিশ্ব আজ যান্ত্রিক সভ্যতায় এগিয়ে গেলেও মানবিক সভ্যতা বেশিদূর এগুতে পারেনি। তিনি বলেন, আমি তাই জাতিসংঘ ঘোষিত আন্তর্জাতিক নির্যাতন বিরোধী দিবসে বাংলাদেশসহ বিশ্বের সকল নির্যাতিত মানুষকে সহমর্মিতা জ্ঞাপন করছি। মানবিকবোধে উদ্বুদ্ধ বিশ্বের সকল গণতন্ত্রকামী মানুষের ঐক্যবদ্ধ প্রয়াসের মাধ্যমেই নিষ্ঠুর নির্যাতনকারী মহল ও স্বৈরশাসককে পরাস্ত করা সম্ভব।
আজ দেশে ফিরবেন
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া চিকিত্সা শেষে সিঙ্গাপুর থেকে আজ দেশে ফিরবেন। রাত ১০টা ৪০ মিনিটে তিনি ঢাকা পৌঁছাবেন। এদিকে বেগম জিয়ার সঙ্গে সাক্ষাত্ করেছেন বাংলাদেশের দায়িত্বে থাকা সিঙ্গাপুরের অনাবাসিক হাই কমিশনার চান হেঙ উইং। গতকাল সন্ধ্যায় খালেদা জিয়ার হোটেলে তিনি সাক্ষাত্ করেন। দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে তাদের মধ্যে কথা হয়েছে বলে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয় সূত্রে জানা গেছে।