ল্যাপটপ কিনতে ঋণ পাবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা
প্রকাশ : ২৩ জুন ২০১৩, ২২:৫৯
আর্থিক অন্তর্ভুক্তিমূলক কাজের আওতায় এবার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ল্যাপটপ কিনতে সহজ শর্তে ঋণ দেয়া হবে। ডিজিটাল বাংলাদেশ গড়ার অঙ্গীকার বাস্তবায়নে এ ঋণ দেয়ার বিশেষ উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ ব্যাপারে গতকাল রবিবার রাজধানীর একটি হোটেলে ‘বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ল্যাপটপ ঋণ বিতরণে কর্মকৌশল নির্ধারণ’ শীর্ষক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয় এই সেমিনারের আয়োজন করে। এতে প্রধান অতিথি হিসেবে তথ্য ও যোগাযোগ প্রযুক্তিমন্ত্রী মোস্তফা ফারুক আহম্মদ উপস্থিত থাকার কথা থাকলেও তিনি অনুপস্থিত ছিলেন। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. নজরুল ইসলাম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আবুল কাশেম ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান প্রফেসর ড. এ কে আজাদ চৌধুরী ।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ ব্যাংকের এসএমই এন্ড স্পেশাল প্রোগ্রামস বিভাগের মহাব্যবস্থাপক সুকৌমল সিংহ চৌধুরী। সেমিনারে বক্তব্য রাখেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. হারুন-অর-রশিদ, বাংলাদেশ কৃষি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুস সালামসহ বাণিজ্যিক ব্যাংকগুলোর ব্যবস্থাপনা পরিচালকরা।
অনুষ্ঠানে ডেপুটি গভর্নর বলেন, ল্যাপটপ ঋণ দেয়ার ব্যাপারে আলাদা একটি কমিটি গঠন করা হবে। তারাই ঠিক করবে কিভাবে শিক্ষার্থীদের ঋণ দেয়া যায়। যদিও কোনো কোনো ব্যাংক কনজুমার ঋণ দিচ্ছে ছাত্রদের ল্যাপটপ কেনার জন্য।
সুকৌমল সিংহ চৌধুরী বলেন, শিক্ষার্থীদের ল্যাপটপ ঋণ দিতে সব বাধা উপেক্ষা করে বাংলাদেশ ব্যাংকে তহবিল গঠন করা হবে। সবাইকে এগিয়ে আসতে হবে এ কাজে। দেশীয় কোম্পানি ওয়ালটনকে ডাকা হয়েছে। হার্ডওয়ার বানাতে হাইটেক পার্কে ফ্রি জমি দেয়া হবে। হার্ডওয়ার কোম্পানিগুলো ল্যাপটপ সরবরাহ করলে ফলাফল ভালো পাওয়া যাবে বলে তিনি অভিমত ব্যক্ত করেন।