শবেবরাতের রাতে রাজধানীতে পটকা ফোটানো নিষিদ্ধ

শবে বরাতে রাজধানীতে সব ধরনের আতশবাজি ও পটকা ফোটানো নিষিদ্ধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। রাজধানীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আসন্ন পবিত্র শবে বরাতে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে। গতকাল রবিবার ডিএমপির কমিশনার বেনজির আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ জুন দিবাগত রাতে পবিত্র শবে বরাত উদযাপিত হবে। শবে বরাতের পবিত্রতা রক্ষার্থে সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে ডিএমপি এলাকায় অর্পিত ক্ষমতাবলে ২৪ জুন সোমবার সন্ধ্যা ৬টা থেকে ২৫ জুন ভোর পর্যন্ত বিস্ফোরক দ্রব্য, আতশবাজি, পটকা, আগ্নেয়াস্ত্র, তরবারী, বর্ষা, বন্দুক, ছুরি বা লাঠি, প্রকাশ্যে গান বা চিত্কার করা, জনসম্মুখে বক্তৃতা, ব্যঙ্গসূচক অঙ্গভঙ্গি, প্রতীক বা অন্য কোনো বস্তু প্রদর্শন, শালীনতা বা নৈতিকতা বিবেচনায় ক্ষতিকর কিংবা রাষ্ট্রের নিরাপত্তা ব্যাহত হয় এমন এবং অন্যান্য দূষণীয় ক্ষতিকারক দ্রব্য বহন ও ফোটানো নিষিদ্ধ করা হলো। রাজধানীবাসীকে এ বিধি-নিষেধ মেনে চলার জন্য ডিএমপি পুলিশের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।