নাগেশ্বরীতে হিট স্ট্রোকে তিনজনের মৃত্যু
নাগেশ্বরী (কুড়িগ্রাম) সংবাদদাতা
প্রকাশ : ২৩ জুন ২০১৩, ২৩:০০
নাগেশ্বরীতে প্রচণ্ড দাবদাহে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। গত এক সপ্তাহে হিট স্ট্রোকে তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এরা হলেন ভিতরবন্দ ইউনিয়নের রসুলপুর গ্রামের চৌধুরীর পুত্র আক্কাছ আলী (২৮), পৌরসভার চৌবাড়ী গ্রামের রামপদের স্ত্রী ননী বালা (৩৮) ও নন্দনপুর জামতলার মৃত ভুলুর স্ত্রী মেন্ত বালা (৮০)। তাপমাত্রা দিনে ৩৬ থেকে ৪০ ও রাতে ২৫ থেকে ৩০ ডিগ্রী সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে। আবাসিক মেডিক্যাল অফিসার নির্মলেন্দু রায় মানিক বলেন, হাসপাতালে জ্বর, সর্দি, কাশি ও ডায়রিয়া রোগী বৃদ্ধি পেয়েছে। আক্রান্তদের অধিকাংশই শিশু ও বৃদ্ধ। অনেক প্রাথমিক বিদ্যালয় প্রভাতে পাঠদান কার্যক্রম চালু করেছে। মাধ্যমিক বিদ্যালয়গুলো কর্তৃপক্ষের অনুমতি নিয়ে সকাল নয়টা থেকে দুপুর দুইটা পর্যন্ত বিরতিহীনভাবে গাছতলায় ক্লাস নিচ্ছে।