মৌলভীবাজারে সন্ত্রাসীদের দুই গ্রুপে সংঘর্ষ, নিহত এক

মৌলভীবাজার প্রতিনিধি 

মৌলভীবাজার পৌর শহরের হিলালপুর এলাকায় স্থানীয় সন্ত্রাসী দুুই গ্রুপের সংঘর্ষে রুবেল মিয়া (২৫) নামে এক যুবক নিহত হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকেলে শহরের হিলালপুর এলাকায় রুবেল মিয়ার সঙ্গে ওই এলাকার একটি সন্ত্রাসী গ্রুপের সদস্য রুমান, তুহিন, রুহিন ও বাবুলের কথাকাটাকাটির একপর্যায়ে তাদের সঙ্গে রুবেলের গ্রুপের  সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে গুরুতর আহত রুবেলকে মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতাল নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক তাকে সিলেট ওসমানী হাসপাতালে রেফার্ড করেন। ওসমানী হাসপাতালে নেওয়ার পথে রুবেল মারা যায়। রুবেলের মৃত্যুর খবর  পেয়ে তার বড় ভাই পীর আজাদের নেতৃত্বে নিহত রুবেলের গ্রুপের সদস্যরা সিলেট-মৌলভীবাজার আঞ্চলিক সড়কে যানবাহন ভাঙচুর করে। খবর পেয়ে পুলিশ  সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিহত রুবেল শহরের হিলালপুর এলাকার মৃত শহীদুল্লাহর ছেলে। এ হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে মৌলভীবাজার মডেল থানা পুলিশ আনোয়ার মিয়া, তুহিন মিয়া ও সোহেল মিয়া নামে ৩ জনকে আটক করেছে।