কানাডায় বন্যার সংগীত অনুষ্ঠান
সাইফুল্লাহ মাহমুদ দুলাল, কানাডা থেকে
প্রকাশ : ২৫ জুন ২০১৩, ২০:৪০
এ দেশের সবচেয়ে জনপ্রিয় রবীন্দ্রসংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা এবার মন ভরিয়ে দিলেন কানাডা প্রবাসীদের। সম্প্রতি তিনি মিসিসাগায় ওয়েস্ট মিনিস্টার ইউনাইটেড চার্চে সঞ্চারীর ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে গান করলেন প্রাণ ভরে।
উল্লেখ্য, বাংলা সাংস্কৃতিকে বিদেশের মাটিতে বাঁচিয়ে রাখার প্রয়াসে ২০০৬ সালে টরন্টোর কিছু সংস্কৃতিপ্রেমীর উত্সাহে সঞ্চারীর আত্মপ্রকাশ ঘটে। সংগঠনটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুরুতেই নিজস্ব শিল্পীদের পরিবেশনায় সমবেত সংগীত ও কবিতা। এই পর্বে সংগীতে অংশগ্রহণ করেন শাহজাহান কামাল, আতাউল গনি, তাপস, শ্রাবণী, বনফুল, লাভলী, বেনু, রেহানা ও ইভা এবং কবিতা আবৃত্তিতে অংশগ্রহণ করেন হাসান মাহমুদ, মেহরাব রহমান, হিরু আহমেদ, মেরী রাশেদিন ও আঞ্জুমান রোজী। একক সংগীত পরিবেশন করেন শ্রাবনী বড়ুয়া ও আতাউল গনি। বিরতির পর শুরু হয় রবীন্দ্র সংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যার একক সংগীত পরিবেশনা। মন্ত্রমুগ্ধের মতো দর্শক-শ্রোতা রেজওয়ানা চৌধুরী বন্যার গান উপভোগ করেন। যার মধ্যে বিশেষ আকর্ষণ ছিল বন্যার পরিবেশিত প্রতিটি গানের ব্যাখ্যা এবং পরিচিতি তুলে ধরা। পরে রেজওয়ানা চৌধুরী বন্যা ও শাহজাহান কামাল দ্বৈত কণ্ঠে পরিবেশন করেন বেশ কটি রবীন্দ্রসংগীত।