শুরু হচ্ছে ৪ দিনব্যাপী ঋতুভিত্তিক নাট্যমেলা
প্রকাশ : ২৫ জুন ২০১৩, ২০:৪১
আগামী ৩০ জুন থেকে ৩ জুলাই পর্যন্ত থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রামে ঋতুভিত্তিক নাট্যমেলা পরিষদের আয়োজনে চার দিনব্যাপী ‘বাদল সাঁঝের নাটক ১৪২০’ শীর্ষক নাট্যমেলা শুরু হচ্ছে। উল্লেখ্য, বিগত ১৯৯১ সাল থেকে চট্টগ্রামে প্রতি বাংলা ঋতুকে কেন্দ্র করে এ ধরনের ছয়টি নাট্যমেলা অনুষ্ঠিত হয়ে আসছে। মেলাগুলো হচ্ছে- গ্রীষ্মে ‘বৈশাখী নাট্যমেলা’, বর্ষায় ‘বাদল সাঁঝের নাটক’, শরতে ‘শারদ নাট্যসন্ধ্যা’, হেমন্তে ‘নাট্য হৈমন্তিকা’, শীতে ‘মাঘ নিশীথের নাটক’, বসন্তে ‘বসন্ত নাট্যোত্সব’। ইতোমধ্যে ঋতুভিত্তিক নাট্যমেলার ১০০তম আয়োজন সম্পন্ন হয়েছে। এবারের নাট্য মেলা ঋতুভিত্তিক নাট্যমেলার ১০১তম আয়োজন। এই নাট্যমেলা ভারতীয় সহকারী হাইকমিশন চট্টগ্রামের সহযোগিতায় পরিবেশিত হবে। আগামী ৩০ জুন সন্ধ্যা ৬টায় নাট্যমেলা উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপচার্য ড. অনুপম সেন এবং অতিথি হিসাবে উপস্থিত থাকবেন ভারতীয় দূতাবাসের সহকারী হাইকমিশনার সোমনাথ ঘোষ। নাট্যমেলা উদ্বোধন করবেন কবি ও সাংবাদিক অরুণ দাশগুপ্ত। নাটকের গান পরিবেশন করবে তির্যক নাট্যদলের নাট্যশিল্পীরা। অনুষ্ঠানে ‘সুখেন্দু স্মৃতি নাট্যপদক-২০১৩’ প্রদান করা হবে। পদক গ্রহণ করবেন চট্টগ্রামের আঞ্চলিক গানের গীতিকার, সুরকার, শিল্পী ও গবেষক আবদুল গফুর হালী। চার দিনব্যাপী নাট্যমেলার বিভিন্ন কর্মসূচিতে থাকবে প্রতিদিন সন্ধ্যা ৬টায় নাটকের গান, আবৃত্তি, নৃত্যাষ্ঠান এবং প্রতিদিন মঞ্চনাটক সন্ধ্যা ৭টায়।