বোরো সংগ্রহ
নওগাঁর চুক্তিবদ্ধ ৫০ ভাগ মিল বন্ধ বাজার থেকে চাল কিনে সরবরাহ
প্রকাশ : ২৫ জুন ২০১৩, ২০:৪৯
নওগাঁর বোরো সংগ্রহে নাজুক পরিস্থিতির দরুণ সংগ্রহ কার্যক্রম বন্ধের উপক্রম হয়ে পড়েছে। অন্যদিকে ধান-চালের দাম বেড়ে বাজারমূল্য সরকারি মূল্য ছাড়িয়ে গেছে। চুক্তিবদ্ধ মিলাররা লোকসানে পড়েছে। অন্যদিকে শ্রমিক সংকটে ৫০ শতাংশ চুক্তিবদ্ধ মিল বন্ধ হয়ে পড়ায়, তারা সরকারকে চাল সরবরাহ করতে পারছে না। অনেকেই বাজারের নিম্নমানের চাল কিনে সরকারি গুদামে সরবরাহ করছে। মিল মালিক ধান-চাল ব্যবসায়ী ও জেলা খাদ্য নিয়ন্ত্রকের ভিন্ন ভিন্ন সূত্রে এ কথা জানা গেছে। গত মে থেকে এ পর্যন্ত ধান সংগ্রহ হয়েছে ৬ হাজার ২শ’ টনের স্থলে ৩শ’ টন মাত্র। চাল ৫৮ হাজার টনের মধ্যে সাড়ে ১৩ হাজার টন ও আতপ ধান পাওয়া গেছে ১৬শ’ টনের স্থলে মাত্র দেড়শ’ টন। নওগাঁ জেলা চালকল মালিক সমিতির সাবেক সভাপতি ও বিশিষ্ট চালকল মালিক হাজী আবদুল জব্বার ও অন্যরা ইত্তেফাককে জানান, গত বছর মওসুমের শেষে ধানের দাম বাড়ায় মজুদদাররা প্রচুর মুনাফা করে। এতেই একশ্রেণির মজুদদারদের মধ্যে ধান মজুদের হিড়িক পড়েছে। নওগাঁ জেলা খাদ্য নিয়ন্ত্রক রবিউল হাসান জানান, হঠাত্ ধানের বাজার চাঙ্গা হওয়ায় বাজারমূল্য বেড়ে যায়, সরকারি সংগ্রহ কাজে ধীরগতি দেখা দেয়। তিনি জানান, এক্ষুণি ধান কাটা-মাড়ার কাজে শ্রমিক চলে যাওয়ায় মিলগুলো সাময়িক বন্ধ হয়ে পড়েছে। এখন কাটা-মাড়া শেষের দিকে। এক্ষুণি শ্রমিকরা মিলে ফিরবে। সেপ্টেম্বর পর্যন্ত সময় রয়েছে, সংগ্রহের অসুবিধা হবে না।