নান্দাইলে ৫০ প্রাথমিক বিদ্যালয় জরাজীর্ণ
নান্দাইল (ময়মনসিংহ) সংবাদদাতা
প্রকাশ : ২৫ জুন ২০১৩, ২০:৫৩
নান্দাইল উপজেলার ১১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবনকে ‘চরম ঝুঁকিপূর্ণ’ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে পাঁচটি মূলভবন ও ছয়টি মধ্যস্থলের ভবন রয়েছে। এছাড়াও ৫০টি বিদ্যালয় ভবন জরাজীর্ণ উল্লেখ করে তালিকা প্রণয়ন করা হয়েছে। চরম ঝুঁকিপূর্ণ বিদ্যালয়গুলো হচ্ছে বাঁশহাটি, আতকাপাড়া, হাওলাপাড়া, কাদিরাবাদ, বিয়ারা, মুশুলি, শেরপুর দক্ষিণ, শাইলধরা, কুলধুরুয়া, কুতুবপুর,পাচরুখি পশ্চিমপাড়া প্রাথমিক বিদ্যালয়। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত মহাপরিচালক মেসবাহ্উল ইসলামের পাঠানো চিঠির উদ্ধৃতি দিয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ইমদাদুল হক বলেন, প্রাকৌশলিক পরিদর্শনে বিদ্যালয় ভবন ঝুঁকিপূর্ণ বিবেচিত হলেও পাঠদান অব্যাহত রাখার জন্য বিদ্যালয় পরিচালনা কমিটির (এসএমসি) সাথে ১১ জুন আলোচনা করে বিকল্প স্থানের ব্যবস্থা করে নিতে হবে। কোন অবস্থাতেই ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান কার্যক্রম চালানো যাবে না। এতে জানমালের কোন ক্ষয়-ক্ষতি হলে সংশ্লিষ্ট বিভাগ কোন দায়দায়িত্ব নেবে না। তাই কোন কোন শিক্ষা প্রতিষ্ঠান ঝুঁকি নিয়ে ওইসব ভবনে ক্লাস নিচ্ছেন না। উপজেলার ‘চরম ঝুঁকিপূর্ণ’ কুলধুরুয়া ও মুশুলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহজাদি বেগম ও সুজয় কুমার দেব বলেন, বর্তমানে তারা একটি শ্রেণীকক্ষে একই সাথে দুই-তিনটি করে ক্লাস নিচ্ছেন। বেশ কয়েকজন প্রধান শিক্ষক জানান, এমনিতেই শ্রেণীকক্ষের স্বল্পতার জন্য গাদাগাদি করে শিশুদের বসাতে হচ্ছে। তার ওপর এখন যদি ভবনই না থাকে তাহলে বিকল্প স্থানে বিপুল পরিমাণ শিশুদের পাঠদান কার্যক্রম কিভাবে চালানো হবে? এদিকে কয়েকটি বিদ্যালয়ের শিশুদের এসএমসি সভাপতি অথবা সদস্যদের বাড়ির বৈঠকখানায় পাঠদান কার্যক্রম শুরু হয়েছে। আবার কোন বিদ্যালয় পাশের ইউপি ভবন অথবা সময়সূচি পরিবর্তন করে উচ্চ বিদ্যালয়ের ভবনে স্থানান্তর করা হয়েছে।