আফগান প্রেসিডেন্ট ভবনে হামলাকারী চার জঙ্গি নিহত

আফগানিস্তানের রাজধানী কাবুলের প্রাণকেন্দ্রে প্রেসিডেন্ট প্রাসাদে হামলা চালিয়েছে তালেবান জঙ্গিরা। প্রায় দেড় ঘন্টা বন্দুকযুদ্ধের পর আফগান নিরাপত্তাকর্মীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। প্রেসিডেন্ট হামিদ কারজাই অক্ষত রয়েছেন। এসময় হামলাকারী চার জঙ্গির সবাই নিহত হয়েছে বলে পুলিশ জানিয়েছে। তালেবানরা এ হামলার দায়িত্ব স্বীকার করেছে। বার্তা সংস্থা রয়টার্সকে পুলিশ প্রধান আইয়ুব সালাঙ্গি বলেন, ধারণা করা হচ্ছে ভুয়া নিরাপত্তা পাস নিয়ে তল্লাশি চৌকি পেরিয়ে এসে চার জঙ্গি এ হামলা চালায়। প্রায় ৯০ মিনিট পর তাদের হত্যা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছে নিরাপত্তা বাহিনী। তালেবানদের সাথে আফগান নিরাপত্তাকর্মী এবং যুক্তরাষ্ট্রের সেনা সদস্যরা বন্দুকযুদ্ধে অংশ নেয়। বার্তা সংস্থা রয়টার্স জানায়, মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের একটি অনুষ্ঠানের খবর সংগ্রহ করতে ২০জনের মতো সাংবাদিক প্রাসাদে জড়ো হওয়ার পরপরই ভবনের পশ্চিম ফটকে হামলা শুরু হয়। এসময় এক বন্দুকধারী প্রথমে প্রেসিডেন্ট প্রাসাদের ফটকে গুলি করে। স্থানীয় টিভির খবরে বলা হয়েছে বিস্ফোরণের শব্দে পুরো এলাকা কেঁপে ওঠে এবং ধোঁয়া উড়তে দেখা যায়। সংঘর্ষের সময় ঐ এলাকায় অন্তত ১৪টি বিস্ফোরণ ঘটে। কাবুলের শাশ দারাক এলাকায় প্রেসিডেন্ট প্রাসাদের নিকটবর্তী যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ) আফগান সদর দপ্তর আরিয়ানা হোটেলেও হামলা হয়। সেখান থেকে ধোঁয়া উড়তে দেখা যায়। তবে সেখানে কী ধরনের ক্ষয়-ক্ষতি হয়েছে তা জানা যায়নি। তালিবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ এক সাংবাদিকের মোবাইল ফোনে পাঠানো বার্তায় বলেন, প্রেসিডেন্ট প্রাসাদে আমাদের কয়েকজন আত্মঘাতী হামলাকারী হামলা চালায়। এদের মধ্যে চারজন শহীদ হয়েছে। পরে এক ইমেইল বার্তায় তিনি বলেন, প্রেসিডেন্ট ভবনের পাশাপাশি সিআইএ ভবন ও প্রতিরক্ষা মন্ত্রণালয়েও হামলার পরিকল্পনা ছিল। আরিয়ানা হোটেলে অবস্থিত সিআইএ ভবনেও হামলা চালানো হয়। যুক্তরাষ্ট্রের নেতৃত্বে তালেবান জঙ্গিদের সঙ্গে শান্তি আলোচনা নিয়ে প্রেসিডেন্ট কারজাই প্রশ্ন তোলার একদিন পর এই হামলার ঘটনা ঘটল।