গৌরনদীতে চাঁদা না দেয়ায় এলজিইডি’র কাজ বন্ধ করে দিয়েছে যুবলীগ নেতা

দাবিকৃত চাঁদা না দেয়ায় বরিশালের গৌরনদী পৌরসভার বড় কসবা নামক স্থানে ঠিকাদারের লোকজনের উপর দু’দফা হামলা চালিয়ে এলজিইডির প্রকল্পের কাজ বন্ধ করে দিয়েছে স্থানীয় যুবলীগ নেতা ও ইউপি সদস্য ও তার সমর্থকরা। ২ দফা হামলায় ৮ জন নির্মাণ শ্রমিক গুরুতর আহত হয়েছে। তাদের গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে গৌরনদী থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। গৌরনদী পৌরসভার ৩নং ওয়ার্ডের বড় কসবা থেকে বানিয়াশুরী-বাদামতলা পর্যন্ত সড়ক নির্মাণের জন্য ৩৩ লাখ টাকা ব্যয়ে এলজিইডির একটি প্রকল্প গ্রহণ করা হয়। কাজের তদারকির দায়িত্বে নিয়োজিত সানজিদুল কবির জানান, গত ১০ জুন তিনি নির্মাণ শ্রমিক নিয়ে কাজ শুরু করেন। ১২ জুন সকালে গৌরনদী উপজেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য ও ৩নং চাদশী ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের সদস্য মোঃ মিলন হাওলাদার (৩৮) তার ৮/১০ জন সমর্থককে নিয়ে প্রকল্প এলাকায় যান এবং তার কাছে তিন লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা দিতে অস্বীকার করলে তারা প্রকল্প স্থানে কর্মরত ৫ শ্রমিককে মারধর করে ৭ দিনের মধ্যে দাবিকৃত চাঁদা পরিশোধের নির্দেশ দেয়। অন্যথায় কাজ বন্ধসহ প্রাণনাশের হুমকি দেয়। এরপর গত ২২ জুন দুপুরে মিলন হাওলাদারের নেতৃত্বে ৮/১০ জন যুবলীগ নেতা সেখানে গিয়ে অকথ্য ভাষায় গালাগাল শুরু করে এবং ঠিকাদারকে খুঁজতে থাকে। এক পর্যায়ে দাবিকৃত চাঁদা না পেয়ে কর্মরত শ্রমিকদের উপর হামলা চালিয়ে সালাউদ্দিন (৪০) রফিকুল হক (৩২) ও আলীমকে (৩০) পিটিয়ে জখম করে কাজ বন্ধ করে দেয়।