তুরাগ তীরের শতাধিক
অবৈধ স্থাপনা উচ্ছেদ
প্রকাশ : ২৫ জুন ২০১৩, ২১:২০
তুরাগ তীরে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে বিআইডব্লিউটিএ ও ঢাকা জেলা প্রশাসন। এতে ছোট-বড় শতাধিক স্থাপনা উচ্ছেদ করা হয়। এ সময় বেদখল হওয়া তিন একর সরকারি জমি উদ্ধার করা হয়।
মঙ্গলবার সকাল ১০টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত পরিচালিত এই উচ্ছেদ অভিযানে ঢাকার মোহাম্মদপুর থানার রামচন্দ্রপুর মৌজায় তুরাগ তীর সীমানাধীন আব্দুল মোনেম লিমিটেডের পাকা ও সেমিপাকা মোট ৮টি স্থাপনা উচ্ছেদ করা হয়। এছাড়া জনৈক মনিরুল ইসলাম ও হাজী রহিমের মালিকানাধীন একটি বালির ডাইক তাত্ক্ষণিকভাবে নিলাম দিয়ে ২ লাখ ৭৪ হাজার ৬ শত ৮০ টাকায় বিক্রি করা হয়। এ সময় তুরাগ তীরের টং দোকান, বালুর গদিসহ শতাধিক ছোট-বড় স্থাপনা উচ্ছেদ করা হয়। এ সকল স্থাপনা ও বালির ডাইক অপসারণের ফলে ঐ এলাকায় তুরাগ নদের প্রায় ৩ একর তীর ভূমি অবমুক্ত হয়েছে। ঢাকা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট তারিক হাসানের নেতৃত্বে এই উচ্ছেদ অভিযানে বিআইডব্লিউটিএ’র অতিঃপরিচালক (বন্দর) গোলাম কবির, যুগ্ম-পরিচালক (বন্দর) মোঃ সাইফুল ইসলাম, ঊর্ধ্বতন উপ-পরিচালক (নৌ-সওপ) জয়নাল আবেদীন, উপ-পরিচালক (বন্দর) মোস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন।