এবার তামিমের ঢাকা-উত্সবের প্রস্তুতি
প্রকাশ : ২৫ জুন ২০১৩, ২১:৫৯
তামিম ইকবালের বিয়ে উপলক্ষে এতোদিন মাতোয়ারা ছিল চট্টগ্রাম নগরী। এবার ঢাকার মেতে ওঠার পালা। গতকাল বিকাল থেকে আজ সকাল পর্যন্ত ধাপে ধাপে খান পরিবারের প্রায় সবাই চলে এসেছেন ঢাকায়। সস্ত্রীক তামিম ইকবালও চলে এসেছেন। উদ্দেশ্য, আগামীকাল ঢাকায় বৌভাতের জমজমাট আয়োজন।
দীর্ঘদিনের প্রেমিকা চট্টগ্রামেরই মেয়ে আয়েশা সিদ্দিকাকে গত ২২ জুন সাড়ম্বরে ঘরে তুলে নিয়েছেন তামিম ইকবাল। তিনদিনব্যাপী সে অনুষ্ঠানে মেতে উঠেছিল চট্টগ্রাম নগরীই যেন; মেতে উঠেছিল চট্টগ্রামের ক্রীড়াঙ্গন। এবার ঢাকার ক্রীড়াঙ্গনও মেতে উঠবে।
তামিম ইকবালের বাবা নিজে ছিলেন বিশিষ্ট ফুটবলার ও সংগঠক ইকবাল খান, চাচা আকরাম খান দেশের সাবেক অধিনায়ক ও টেস্ট ক্রিকেটার, বড় ভাই টেস্ট সেঞ্চুরিয়ান নাফীস ইকবাল এবং তামিম নিজে এখন দেশের অন্যতম বড় ক্রিকেট তারকা। এছাড়া তামিমের আরো তিন চাচা শীর্ষ পর্যায়ে ক্রিকেট খেলতেন। সবমিলিয়ে তামিমের বিয়ে ক্রীড়াঙ্গনের উত্সবের মতোই।
চট্টগ্রামে এ উত্সবে সাবেক ক্রিকেটাররা যোগ দিয়েছিলেন। কিন্তু তামিম-নাফীসের বন্ধুরা, বর্তমান ক্রিকেটাররা যোগ দেননি। ঢাকার বৌভাত মূলত আলোকিত করে রাখবেন জাতীয় দলের বর্তমান এই ক্রিকেটাররা। আর বন্ধুদের এই ভালোবাসা নিয়ে শুরু হবে তামিমের নতুন জীবন।