আনচেলত্তি আসলেন রিয়ালে

ক্লাবের নতুন কোচ হিসেবে কার্লো আনচেলত্তির নাম ঘোষণা করলো স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ। গতকাল নিজেদের অফিসিয়াল ওয়েবসাইটে জানানো হয়, ফরাসি ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইনের কোচকে তিন বছর মেয়াদে দলের দায়িত্ব দিয়েছে রিয়াল মাদ্রিদ। গত মৌসুমে বাজে পারফরম্যান্সের জের ধরে রিয়াল মাদ্রিদের কোচের পদ হারান পর্তুগীজ কোচ হোসে মরিনহো। এরপর থেকে খালিই ছিল কোচের পদটি। সেই পদেই যোগ দিতে যাচ্ছেন আনচেলত্তি। রিয়াল মাদ্রিদ তার অফিসিয়াল ওয়েবসাইটে বলে, ‘আগামি মৌসুমে কার্লো আনচেলত্তি আমাদের কোচিং করাবেন। ইতালিয়ান এই কোচ যে কয়টি দেশে কোচের দায়িত্ব পালন করেছেন, সেসব জায়গা থেকে তিনি সাফল্য নিয়েই ফিরেছেন। শিঘ্রই গত মৌসুমে ফরাসি লিগের এই সেরা কোচকে দেখা যাবে মাদ্রিদে।’ এর আগে ইংলিশ প্রিমিয়ার লিগের দলে চেলসিতে দায়িত্ব পালন করেন আনচেলত্তি। ২০১০ সালে ব্লুজ দলটির হয়ে প্রিমিয়ার লিগের শিরোপার সাথে সাথে এফএ কাপও জয় করেন তিনি। এছাড়া গত বছর পিএসজিকে লিগ শিরোপা এনে দিয়েছেন ৫৪ বছর বয়সী এই কোচ। কোচিং ক্যারিয়ারে এছাড়াও এসি মিলানে আট বছর কাটিয়েছেন আনচেলত্তি। ক্লাবটির হয়ে দুটি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা ছাড়াও জয় করেছেন একটি সিরি এ’র শিরোপা। এদিকে পিএসজিতে তার ছেড়ে আসা পদে যোগ দিয়েছেন সাবেক ফরাসি জাতীয় দলের কোচ ও ম্যানচেস্টার ইউনাইটেডের তারকা ডিফেন্ডার লরেন্ট ব্লা।