গৌরীপুরে মাঠে গড়াল বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট

ময়মনসিংহের গৌরীপুর উপজেলার লামাপাড়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে গতকাল মঙ্গলবার বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। উদ্বোধনী খেলায় অংশ নেয় গৌরীপুর আবাহনী ক্রীড়া চক্র ও কাশিগঞ্জ রজনীগন্ধা স্পোর্টিং ক্লাব। খেলাটি ২-২ গোলে ড্র হয়। শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের সাবেক ভিপি ও পজিটিভ থিংক ফাউন্ডেশনের (পিটিএফ) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান কৃষিবিদ ড. সামীউল আলম লিটন প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন করেন। গৌরীপুর ইউনিয়ন পরিষদের সদস্য ফজলুল হকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গৌরীপুর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, লামাপাড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের সভাপতি শেখ ফরিদ আহাম্মদ মামুন, প্রধান শিক্ষক মোঃ শাহজাহান প্রমুখ। টুর্নামেন্টে স্থানীয় মোট আটটি দল অংশ নিচ্ছে। অন্য ছয়টি দল হচ্ছে—বিল্লাল স্মৃতি সংঘ, তিলাকিয়া স্পোর্টিং ক্লাব, ওসমান গণি স্মৃতি সংঘ, সেভেন স্টার বুলেট স্মৃতি সংঘ, শহীদ জিয়া স্মৃতি সংঘ ও মধ্য ভালুকা স্পোর্টিং ক্লাব।