কুমিল্লায় জামায়াতের আধাবেলা হরতাল কাল
চৌদ্দগ্রাম (কুমিল্লা) সংবাদদাতা
প্রকাশ : ২৫ জুন ২০১৩, ২২:৪৩
জেলার চৌদ্দগ্রামে আবদুল আজিজ (২৫) নামের এক শিবির কর্মীকে পিটিয়ে হত্যা করেছে যুব ও ছাত্রলীগ কর্মীরা। কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে গত সোমবার রাতে তার মৃত্যু হয়। তিনি ফেনী সরকারি কলেজের ডিগ্রী দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন। এ ঘটনার প্রতিবাদে আগামীকাল বৃহস্পতিবার কুমিল্লায় তিন দিনের কর্মসূচিসহ আধা বেলা হরতাল আহ্বান করেছে জেলা জামায়াত-শিবির।
নিহতের পরিবার ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আবদুল আজিজকে গত সোমবার সন্ধ্যায় হঠাত্ করে একই ইউনিয়নের যুবলীগ কর্মী সালাউদ্দিন ও শিলরীর মামুন অস্ত্র ঠেকিয়ে জোরপূর্বক তাকে মোটর সাইকেলে তুলে কুলাসার এলাকায় নিয়ে যায়। এরপর তারা ১০-১৫ জন মিলে এলোপাতাড়ি পিটিয়ে মারাত্মকভাবে আহত করে অচেতন অবস্থায় তাকে একটি দোকানের সামনে ফেলে যায়। খবর পেয়ে চৌদ্দগ্রাম থানার এক দল পুলিশ তাকে উদ্ধার করে। পরে আশংকাজনক অবস্থায় কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করে। উপজেলা জামায়াতের প্রচার সম্পাদক বেলাল হোসাইন অভিযোগ করে বলেন, স্থানীয় যুব ও ছাত্রলীগ ক্যাডাররা একের পর এক হত্যাকাণ্ড ঘটিয়ে এলাকায় আতংক সৃষ্টির চেষ্টা করছে। তারা ডা. তাহেরের চাচাতো ভাই আলাউদ্দিনের পর এবার শিবির কর্মী আজিজকে হত্যা করলো।