মহানগর আওয়ামী লীগ দুভাগ করে রমজানের আগেই কমিটি

দ্বন্দ্ব-সংঘাত কাটিয়ে সংগঠনকে শক্তিশালী করতে ঢাকা মহানগর আওয়ামী লীগের কমিটি ভেঙে দুটি করা হচ্ছে। ‘ঢাকা মহানগর উত্তর’ ও ‘ঢাকা মহানগর দক্ষিণ’ নামের এ দুই কমিটি রমজানের আগেই ঘোষণা করা হবে। এর পরই মহানগরের সব থানা, ওয়ার্ড ও ইউনিয়ন কমিটি গঠন করা হবে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, মহানগর আওয়ামী লীগের পরিধি অনেক বৃদ্ধি পেয়েছে। একটি কমিটি দেয়া হলে এটা নিয়ে বিশৃঙ্খলা ও গ্রুপিং হবে। তাছাড়া ঢাকা সিটি করপোরেশনকে ভাগ করায় এবং ঢাকা মহানগরে আন্দোলনে গতি আনতে দুটি কমিটি গঠন করতে সভানেত্রী শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন। কোন্দলের বিষয়ে ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এমএ আজিজ বলেন, আমাদের মধ্যে কোনো দ্বন্দ্ব-বিরোধ নেই। এটা আমাদের বিরুদ্ধে অপপ্রচার। প্রায় সাড়ে নয় বছর পর গত বছরের ২৭ ডিসেম্বর ঢাকা মহানগর আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনের পর মহানগরের অন্তর্গত ৯৩টি ওয়ার্ড, ১৮টি ইউনিয়ন ও ৪৯টি থানা কমিটি গঠন ২৮ ফেব্রুয়ারির মধ্যে শেষ করার নির্দেশ দেয়া হয়। ওই সময় মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী বলেন, নির্ধারিত সময়ের মধ্যে কমিটি গঠন করতে ব্যর্থ হলে কমিটির কার্যক্রম স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে। এমন হুঁশিয়ারি উচ্চারণ করার পরও আজ পর্যন্ত সব ইউনিটের সম্মেলন অনুষ্ঠিত হয়নি। জানা গেছে, ২০ জুন ঢাকা মহানগর আওয়ামী লীগের নেতাদের সামনেই প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করেন বিভিন্ন ওয়ার্ড ও থানার সভাপতি ও সাধারণ সম্পাদকরা। এর পরিপ্রেক্ষিতে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ২৬ জুন পরবর্তী বর্ধিত সভায় সবার কথা শুনে মহানগরসহ সব ওয়ার্ড, ইউনিয়ন ও থানা কমিটি গঠনের ঘোষণা দেন। ২০০৩ সালের ১৮ জুন ঢাকা মহানগর আওয়ামী লীগের সর্বশেষ কমিটি গঠিত হয় । আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ জানান, ঢাকা মহানগর হলো আন্দোলনের মূল কেন্দ্রবিন্দু। কেন এত দিন এ কমিটি হয়নি, সেটা খুঁজে বের করা হবে। রমজানের আগেই কমিটি গঠন করা হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।