বরিশালে থানা থেকে ১১ মামলার আসামির চম্পট, ফের আটক

বরিশালের দুর্ধর্ষ সন্ত্রাসী ১১ মামলার আসামি পলাশ পুলিশের যৌথ অভিযানে গ্রেফতার হলেও থানা থেকে পালিয়ে যেতে সক্ষম হয়েছিলেন। পরে মেট্রোপলিটন কাউনিয়া থানা পুলিশ রাতভর অভিযান চালিয়ে তাকে সকালে ফের গ্রেফতার করে। এই শীর্ষ সন্ত্রাসীকে থানা হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। খবর পেয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তারা ছুটে গিয়ে এই সন্ত্রাসীর অতীত প্রোফাইল খতিয়ে দেখেছেন বলে জানা গেছে।

পুলিশ ও অন্যান্য সূত্রে জানা গেছে- বরিশাল নগরীর ৬নং ওয়ার্ডের শিশুপার্ক কলোনীর পলাশ দীর্ঘদিন যাবত্ এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন। পাশাপাশি মাদকসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত ছিলেন তিনি। তার বিরুদ্ধে অন্তত ১১টি মামলা রয়েছে। কিন্তু গোপনে মামলা থেকে জামিন নিয়ে ফের সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন। সংশ্লিষ্ট থানা পুলিশ তাকে দীর্ঘদিন যাবত্ খুঁজছিল। শুক্রবার রাতে সন্ত্রাসী ঘটনার প্রতিবাদ করাকে কেন্দ  করে নগরীর ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর জামাল হোসাইনকে ধারালো অস্ত্র নিয়ে ধাওয়া করেন পলাশ। এই খবরে বরিশাল মেট্রোপলিটন কোতোয়ালি ও কাউনিয়া থানা পুলিশের বিপুল সংখ্যক সদস্য যৌথভাবে অভিযান চালিয়ে তাকে শিশুপার্ক কলোনী থেকে গ্রেফতার করে। এসময় তার কাছ থেকে একটি রাম দা উদ্ধার করা হয়। পরবর্তীতে তাকে কোতোয়ালি থানা হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি নগরীর মোহাম্মদপুর এলাকায় ঘরে অস্ত্র মজুত রাখার কথা স্বীকার করে। এ সময় একটি দা, একটি চাপাতি ও চারটি লোহার রড উদ্ধার করা হয়।