বরিশালে গৃহবধূকে ন্যাড়া করার অভিযোগে শাশুড়ি ও তিন ননদ গ্রেফতার

নগরীর কাশিপুরে গৃহবধূকে নির্যাতনের পর ন্যাড়া করার অপরাধে শাশুড়ি ও ৩ ননদকে গ্রেফতার করেছে বিমানবন্দর থানা পুলিশ। সোমবার রাতে গৃহবধূ শাহনাজ বেগমকে শাশুড়ি ও তিন ননদ মিলে নির্যাতন করে চুল কেটে ঘরে আটকে রাখে। বিমানবন্দর থানার ওসি মো. শহীদুল্লাহ জানান, খবর পেয়ে গতকাল মঙ্গলবার নির্যাতিতা গৃহবধূ শাহনাজকে উদ্ধার করে শাশুড়ি ও তিন ননদকে আটক করে। এ ঘটনায় গৃহবধূ শাহনাজ বাদী হয়ে ৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। এলাকাবাসী জানায়, গত আট বছর আগে নোয়াখালী জেলার হাজী কারী মোসলেউদ্দিনের মেয়ে শাহনাজ বেগমের সাথে বিয়ে হয় কাশিপুর এলাকার ইছাকাঠী গ্রামের ব্যবসায়ী মো. আবদুর জাহের খানের বড় ছেলে বাকপ্রতিবন্ধী শাকিল খানের সাথে। বিয়ের আগে বাকপ্রতিবন্ধীর বিষয়টি গোপন রাখা হয়। বিয়ের পর শাহনাজ জানতে পারে তার স্বামী কথা বলতে পারেন না। এরপর শুরু হয় অশান্তি। অন্যদিকে শাশুড়ি ও ননদরা মিলে শাহনাজকে দিয়ে সংসারের সব কাজ করাতে থাকে। কাজ করতে না চাইলে চলত শারীরিক নির্যাতন। গৃহবধূ শাহনাজ বেগম জানায়, সোমবার গভীর রাতে শাশুড়ি তাসলিমা বেগম (৫২), ননদ ছনিয়া আক্তার জেবিন (৩০), কনক আক্তার শিল্পী (২৫), সাবিনা ইয়াসমিন সম্পা (২০) মিলে নির্যাতন চালায়। এক পর্যায়ে মাথার চুল কেটে ঘরে আটকে রাখে।