কেন্দ্রীয় ব্যাংকের সাবেক গভর্নর লুত্ফর রহমান সরকার আর নেই

বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর লুত্ফর রহমান সরকার আর নেই। রাজধানীর এক হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় গত সোমবার সকাল ৮টায় তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি...রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। গত ছয় মাসে তাকে একাধিকবার হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সর্বশেষ গত সোমবার সকালে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। উল্লেখ্য, বাংলাদেশ ব্যাংকের ষষ্ঠ গভর্নর হিসেবে তিনি দায়িত্ব পালন করেছিলেন। তার মৃত্যুতে রাষ্ট্রপতি আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা গভীর শোক প্রকাশ করেছেন। এছাড়াও জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, ডেপুটি স্পিকার কর্নেল (অব.) শওকত আলী, সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী, অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, শান্তিতে নোবেলজয়ী ও অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমানসহ আর্থিক ও ব্যাংকিং খাতের বিশিষ্টজনরা শোক প্রকাশ করেছেন। সাবেক গভর্নরের মৃত্যুর সংবাদে বাংলাদেশ ব্যাংকের সকল কর্মকর্তা-কর্মচারীসহ পুরো ব্যাংকিংখাতে নেমে এসেছে শোকের ছায়া। বাংলাদেশ ব্যাংক চত্বরে গত সোমবার বিকাল ৩টায় মরহুমের প্রথম জানাজা ও বাদ আসর ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। ধানমন্ডি ঈদগাহ মাঠে গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত হয় মরহুমের তৃতীয় জানাজা। বগুড়া প্রতিনিধি জানান, শহরের আলতাফুন নেছা খেলার মাঠে গতকাল বাদ যোহর চতুর্থ জানাজা শেষে দক্ষিণ বগুড়া গোরস্থানে (ভাই পাগলা মাজার কবরস্থান) তাকে দাফন করা হয়। ইসলামী ব্যাংকে শোকসভা বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর লুত্ফর রহমান সরকারের মৃত্যুতে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের প্রধান কার্যালয়সহ ব্যাংকের সকল শাখায় সোমবার বাদ আসর মরহুমের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। তিনি প্রায় অর্ধযুগ ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের এক্সিকিউটিভ প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব পালন করেন এবং পরবর্তীতে বাংলাদেশ ব্যাংকের গভর্নর হন। ইসলামী ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক আবু নাসের মোহাম্মদ আবদুজ জাহের ও ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল মান্নান এক শোকবার্তায় বলেছেন, ব্যাংকিং খাতকে অধিকতর মানবিক করার জন্য লুত্ফর রহমান সরকার অর্ধ শতাব্দী যাবত্ ইসলামী ব্যাংকিংসহ বাংলাদেশের ব্যাংকিং জগতে যে অবদান রেখেছেন তা চিরস্মরণীয় হয়ে থাকবে।