পবিত্র লাইলাতুল বরাত উদযাপিত
প্রকাশ : ২৫ জুন ২০১৩, ২২:৪৪
ধর্মপ্রাণ মুসলমানগণ সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত ইবাদত-বন্দেগী, তাসবিহ তাহলিলের মাধ্যমে পরম করুণাময় মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে গুনাহ মাফ ও আত্মশুদ্ধির ফরিয়াদ আর সে সঙ্গে ব্যক্তি, দেশ, জাতি ও মুসলিম উম্মাহর উত্তরোত্তর সংহতি, শান্তি, সমৃদ্ধি ও উন্নতি কামনা করে ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে সোমবার দিবাগত রাতে পবিত্র লাইলাতুল বরাত উদযাপন করেছেন।
পুণ্যময় এই ভাগ্য রজনীতে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমসহ প্রতিটি মসজিদ, মাজার, গোরস্থানে ছিল ধর্মপ্রাণ মুসল্লিদের ভিড়। লাইলাতুল বরাতের নফল নামাজ, পবিত্র কোরআন তেলাওয়াত, জিকির আসকার, ওয়াজ, মিলাদ, দান-খয়রাত, কবর জিয়ারত এবং রাতভর মাহফিল, ইবাদত-বন্দেগি শেষে অনেকে সেহেরি খেয়ে মঙ্গলবার নফল রোজা পালন করেন। সন্ধ্যায় সূর্য অস্তমিত হওয়ার পরই ধর্মপ্রাণ মুসলমানরা মসজিদে মসজিদে ভিড় জমান। ধর্মপ্রাণ মুসলমানরা দান-খয়রাতের মাধ্যমেও ইবাদত পালন করেন। মহান আল্লাহতায়ালা মানবজাতির জন্য যে সকল দিন-রাত্রিকে শ্রেষ্ঠত্ব দান করেছেন তন্মধ্যে পবিত্র লাইলাতুল বরাত অন্যতম। হাদীসে এ রাতে আল্লাহতালার ইবাদত-বন্দেগিতে নিমগ্ন থেকে পরদিন রোজা রাখার কথা বলা আছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন: রমজান মহান আল্লাহর মাস আর শাবান আমার মাস। পবিত্র শবে বরাতের মাহাত্ম্য ও তাত্পর্য উল্লেখ করে প্রেসিডেন্ট আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সংসদে বিরোধীদলীয় নেত্রী বেগম খালেদা জিয়া পৃথক বাণী প্রদান করেন। বাংলাদেশ বেতার, টেলিভিশন ও বেসরকারি চ্যানেলসমূহ বিশেষ অনুষ্ঠানমালা পরিবেশন এবং জাতীয় সংবাদপত্র বিশেষ নিবন্ধ প্রকাশ করে। গতকাল সরকারি ছুটি পালিত হয়।
ইসলামিক ফাউন্ডেশন, হাইকোর্ট মাজার মসজিদ, দেওয়ানবাগ শরীফ, মিরপুর মাজার শরীফসহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান ও সংগঠন পবিত্র শবে বরাত উপলক্ষে আলোচনা, ওয়াজ-মিলাদ, দোয়া-মাহফিলের আয়োজন করে।