মান্নানের প্রতি এরশাদের সমর্থন নির্বাচনে প্রভাব ফেলবে না
প্রকাশ : ২৫ জুন ২০১৩, ২২:৪৫
আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, মহাজোট ভাঙার কোন আশঙ্কা নেই। জাতীয় পার্টির (জাপা) সঙ্গে আমাদের সম্পর্ক মধুর। দলটির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের সঙ্গে আওয়ামী লীগের নেতাদের গোপন বৈঠক প্রসঙ্গে তিনি বলেন, জোটের শরিক হিসেবে সম্পর্ক বাড়াতে আলোচনা হতেই পারে। এতে জোট ভাঙার কোন আলামত খোঁজার সুযোগ নেই। গত সোমবার রাজধানীর কাওরান বাজারে হানিফ তার নিজ কার্যালয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এ কথা বলেন। গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থীকে জাতীয় পার্টির (এ) সমর্থনের বিষয়ে তিনি বলেন, এটা স্থানীয় নির্বাচন। কারোর সমর্থন এতে প্রভাব ফেলবে না। ‘চুরি-দুর্নীতি না করলে তত্ত্বাবধায়ক এলেও জেলে যেতে হবে না’ মর্মে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের সমালোচনা করে হানিফ বলেন, তার এই বক্তব্যে প্রমাণিত হয়, তার নেত্রী খালেদা জিয়া, তারেক রহমান ও আরাফাত রহমান কোকো চুরি করার দায়ে ২০০৭ সালের তত্ত্বাবধায়ক সরকারের আমলে জেলে গিয়েছিলেন। তিনি যদি এটি স্বীকার করে নেন তাহলে তাকে আমরা সাধুবাদ জানাই। সাথে সাথে তাদের নামে যে সব মামলা আছে, তথ্য দিয়ে সেগুলোতে সাহায্য করারও পরামর্শ দেন তিনি। অন্যথায় এ ধরনের বিভ্রান্তিমূলক কথা বলে জাতিকে বিভ্রান্ত না করার আহ্বান জানান তিনি।
গ্রামীণ ব্যাংক ও ড. ইউনূসকে নিয়ে সরকারের অবস্থানের বিষয়ে মাহবুব-উল আলম হানিফ বলেন, ড. ইউনুস একজন সম্মানিত মানুষ। তিনি নোবেল জয় করে বাংলাদেশের জন্য গৌরব বয়ে এনেছেন। তার জন্য আমরা গর্বিত। তার সঙ্গে অর্থ মন্ত্রণালয়ের একটু ভুল-বোঝাবুঝি হয়েছে। তবে এটা নিয়ে রাজনীতি হচ্ছে। আমি ইউনূস সাহেবের প্রতি আহ্বান জানাব, তিনি যেন কখনো রাজনীতির বেড়াজালে নিজেকে না জড়ান।