দ্রুত বিচার ট্রাইব্যুনালের রায়
রাজশাহীতে ছাত্রলীগ নেতা দোহা হত্যা মামলায় সকল আসামি খালাস
প্রকাশ : ২৫ জুন ২০১৩, ২২:৪৭
বাগাতিপাড়া উপজেলার কলেজ ও উপজেলা ছাত্রলীগের নেতা চাঞ্চল্যকর শামসুদ্দোহা (দোহা) হত্যা মামলার সকল আসামিকেই বেকসুর খালাস দেয়া হয়েছে। রাজশাহী বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক একরামুল হক চৌধুরী সোমবার দুপুরে এ রায় ঘোষণা করেন। আসামিরা হলেন মোখলেসুর রহমান মুকুল, বেলালুর রহমান মানিক, রাজন, আঃ ছালাম, রনি, মাসুদ ইবনে আবেদিন সিটু, টনি, মোজাহার ও টবলু।
মামলার সংক্ষিপ্ত বিবরণে প্রকাশ, ২০০৯ সালের ১৭ মার্চ রাতে পূর্বের বিরোধ মীমাংসার কথা বলে আসামি মুকুল ও মানিক দোহাকে তার বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। রাতে খোঁজাখুঁজি করেও তাদের কাউকে পাওয়া যায়নি। পরদিন দুপুরে স্থানীয় বড়াল নদীতে শামসুদ্দোহার লাশ ভাসতে দেখে লোকজন বাড়িতে খবর দেয়। এ ঘটনায় নিহতের চাচা রফিকুর ইসলাম আট জনের বিরুদ্ধে বাগাতিপাড়া থানায় হত্যা মামলা দায়ের করেন। রাজশাহী মেডিক্যাল কলেজের ফরেনসিক বিভাগের মেডিক্যাল বোর্ড ময়না তদন্ত রিপোর্টে শামসুদ্দোহাকে শ্বাসরোধ করে হত্যার রিপোর্ট দেয়। মামলার তদন্ত শেষে সিআইডি পুলিশ টবলু নামের অন্য একজনসহ মোট নয়জনের বিরুদ্ধে আদালতে চার্জশীট দাখিল করে।