স্বপ্ন বহুদূর

বর্তমানে বিভিন্ন চ্যানেলে চ্যানেলে প্রচার হচ্ছে এশিয়ান ডুপ্লেক্স টাউনের নতুন বিজ্ঞাপনচিত্র। এই বিজ্ঞাপনচিত্রে এই সময়ের জনপ্রিয় চিত্রতারকা শাকিব খানের বিপরীতে পারফর্ম করেছেন ভিট চ্যানেল আই দ্বিতীয় রানারআপ তানিয়া। তার বর্তমান ও ভবিষ্যতের ভাবনার কথা জানাচ্ছেন খালেদ আহমেদ ও ছবি তুলেছেন তাহের মানিক স্বপ্নের সঙ্গে বাস্তবতার মিশেলে তিনি এঁকেছেন পথচলার মানচিত্র। গন্তব্য রেখার কাছাকাছি পৌঁছুতে দিয়েছেন পরিশ্রমের সবটুকু। তিনি ভিট তারকা তানিয়া। তার বেড়ে ওঠা ঢাকাতেই। ছোটবেলা থেকেই নিজের স্বপ্নকে সাজিয়েছেন বড় করে। যদিও কৈশোরের স্বপ্নটা নানা কারণেই চারদেয়ালের মাঝেই বন্দী ছিল। এ কারণে মনে মনে খুব কষ্ট পেতেন। অপেক্ষায় ছিলেন একটি সুযোগের। প্রথম পদক্ষেপ হিসেবে ছবি পাঠান ভিট মডেল হান্ট প্রতিযোগিতা ২০১২-তে। শত শত তরুণীকে পিছনে ফেলে নিজের প্রতিভার স্বাক্ষর রাখেন দ্বিতীয় রানারআপ খেতাব অর্জন করে। এরপর থেকেই পেতে থাকেন বিজ্ঞাপন আর নাটকের প্রস্তাব। এশিয়ান ডুপ্লেক্স বিজ্ঞাপনের প্রস্তাব পেলেন কীভাবে? তার সাবলীল উত্তর, ‘এক পরিচিত ভাইয়া আমার ছবি পাঠায়। তারপর ক্লায়েন্টরা আমাকে সামনাসামনি দেখতে চায়। মুখোমুখি হয়ে কথার বলার পর বিজ্ঞাপনে অভিনয়ের প্রস্তাব দেওয়া হয় আমাকে।’ ক্যারিয়ারের দ্বিতীয় টিভিসি, দেশের সুপার তারকা শাকিবের সাথে। কেমন ছিল সেই অভিজ্ঞতা? জবাবে তানিয়া বলেন, ‘যখনই শুনতে পেলাম বিজ্ঞাপনটিতে শাকিব খান থাকবেন তখন মনে মনে কাজটি যাতে আমি করতে পারি তার জন্য দোয়া করছিলাম। আর কাজটি করতে গিয়ে অনেক মজা করেছিলাম। কোন শটটা কেমন হবে সেই বিষয়ে শাকিব ভাই অনেক সহায়তা করেছিলেন।’ সেই সাথে মজার সব ঘটনাও ছিল নিশ্চয়ই? প্রশ্ন শুনে মৃদু হেসে তিনি বলেন, ‘বিজ্ঞাপনের একটা দৃশ্য হওয়ার কথা ছিল এমন যে, আমার চুড়ি আর শাকিব খানের ঘড়ি লেগে যাবে। পরিচালক চেয়েছিল চুড়ি আর ঘড়ি লেগে গিয়ে আমাদের ঝগড়া বাঁধবে। কিন্তু কিছুতেই হচ্ছিল না সেই দৃশ্যটা। কেউ একজন আগে আর কেউ একজন পরে হাত মিলাচ্ছিলাম। পরে শেষে ঠিক করা হয় আমি হাত দিয়ে রিমোটটা ধরব আর তখনই শাকিব ভাই রিমোট ধরবে। আর এই নিয়ে বিজ্ঞাপনে শুরু হয় আমাদের ঝগড়া।’ আদিত মল্লিকের নির্দেশনায় এই বিজ্ঞাপনটিত্র প্রচারের পর থেকে তানিয়া সবারই প্রশংসা কুড়িয়েছেন। তার ভাষ্যে, ‘এই বিজ্ঞাপনচিত্রটি আমার জন্য অনেক সৌভাগ্যের। এটি প্রচারের পর থেকে বন্ধুবান্ধব ও শুভাকাঙ্ক্ষীদের কাছ থেকে অনেক প্রশংসা পাচ্ছি। আর এই বিজ্ঞাপনে কাজের অভিজ্ঞতাটাও ভালো। বিশেষ করে নির্মাতা আদিত ভাই ও শাকিব ভাই আমাকে অনেক সহযোগিতা করেছেন। এ জন্য তাদের কাছে কৃতজ্ঞ।’ এরআগে তানিয়া শরাফ আহমেদ জীবনের নির্দেশনায় গ্রামীণ ফোনের একটি বিজ্ঞাপনচিত্রে মডেল হয়েছিলেন। সম্প্রতি ইফাত নুডুলসের আরেকটি নতুন বিজ্ঞাপনচিত্রে পারফর্ম করলেন তিনি। যা শিগগিরই প্রচার শুরু হবে। এ ছাড়া আসছে ঈদের জন্য তিনি তিনটি একখণ্ডের নাটকে অভিনয় করেছেন। এগুলো হলো—ফয়সাল খান রিপনের পরিচালনায় ‘ঝুঁকির মধ্যে আছি’, ফেরারী অমিতের ‘পাগলা ঘোড়া’ ও রায়হান খানের ‘যদি না বলো’। রুপালি পর্দার নায়িকা হওয়ার স্বপ্ন আছে কি? উত্তরে তিনি বলেন, ‘ইচ্ছে তো মুভি করার। সালমান তারেকের ছবি ‘মাটির পরী’সহ আরও কয়েকটি ছবিতে অভিনয়ের কথা চলছে।’ ভবিষ্যতের স্বপ্নের কথা জানতে চাইলে তানিয়া বলেন, ‘মডেলিংয়ের পাশাপাশি অভিনয় করে যাব। আমি অভিনয় দিয়ে দর্শকের মনে চিরকাল বেঁচে থাকতে চাই।’