খোঁজখবর
প্রকাশ : ২৬ জুন ২০১৩, ২০:০৯
ইচ্ছা পূরণ
জনপ্রিয় মডেল তারকা ও অভিনেত্রী শখের খুবই ইচ্ছে ছিল অভিনেতা মারজুক রাসেলের সাথে অভিনয় করার। কারণ শখের প্রিয় অভিনেতাদের মধ্যে মারজুক রাসেল একজন। শখের সেই ইচ্ছেই এবার পূরণ হলো। পল্লব বিশ্বাসের রচনা ও পরিচালনায় নতুন ধারাবাহিক নাটক ‘রিলেশন’-এ মারজুক রাসেলের সাথে এবারই প্রথম অভিনয় করছেন শখ। শখ বলেন, ‘মারজুক ভাই একজন সিরিয়াস অভিনেতা। তার অভিনীত অনেক নাটক আমি দেখে মুগ্ধ হয়েছি। সত্যিই তার সাথে কাজ করে অনেক ভালো লাগছে। পল্লব আমার বন্ধুসুলভ মানুষ। তার ‘কলেজ’ নাটকেও আমি কাজ করেছিলাম। এই নাটকটিও দর্শকের ভালো লাগবে।’ উত্তরার একটি শুটিং হাউসে নাটকটির শুটিং চলছে। আগামী সেপ্টেম্বরে মুক্তি পাবে শখ অভিনীত দ্বিতীয় চলচ্চিত্র ‘অল্প অল্প প্রেমের গল্প’।
ব্যতিক্রমী উদ্যোগ
‘সাংরিলা’ আগামী ঈদে প্রচারের লক্ষ্যে নির্মিতব্য একটি নাটক। এই নাটকের মূল উদ্যোক্তা জনপ্রিয় নাট্যাভিনেতা ও পরিচালক জাহিদ হাসান। তারই উদ্যোগে মূলত একই সময়ের জনপ্রিয় পাঁচ অভিনেতা আজিজুল হাকিম, জাহিদ হাসান, শহীদুজ্জামান সেলিম, তৌকীর আহমেদ ও মাহফুজ আহমেদ অভিনয় করছেন। তাদের সাথে এই নাটকে আরও আছেন জয়া আহসান, তারিন, অপর্ণা, শানু ও প্রসূন আজাদ। সম্প্রতি তারা নেপাল গিয়েছেন। তৌকীর আহমেদের রচনায় ও শহীদুজ্জামান সেলিমের পরিচালনায় নাটকে সবাই অভিনয় করছেন। বিমানে বিভিন্ন দৃশ্যে অভিনয় করেন জাহিদ হাসান, তারিন ও প্রসূন আজাদ। নাটকটি প্রসঙ্গে এই প্রোডাকশনের প্রজেক্ট ডিরেক্টর জাহিদ হাসান বলেন, ‘আসলে এই নাটকের মূল উদ্যোক্তা আমি। চেষ্টা করছি আমাদের দর্শকদের ভালো কিছু দিতে। আগামী ঈদে ছয় পর্বের এই নাটকটি এসএটিভিতে প্রচার হবে।
ভিন্ন চরিত্রে
ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী গোলাম ফরিদা ছন্দাকে দর্শকরা এবার ভিন্ন একটি চরিত্রে দেখতে পাবেন। রশীদ ইকবালের রচনা ও সতীর্থ রহমানের পরিচালনায় নতুন ধারাবাহিক নাটক ‘মন যে কিছু বোঝে না’তে ছন্দা ভিন্ন একটি চরিত্রে অভিনয় করেছেন। তরুণ প্রজন্মের গল্প নিয়ে গড়ে উঠেছে এই ধারাবাহিক। যারা সমাজের বৈপ্লবিক পরিবর্তন সাধন করে। এটি মূল্যবোধ, সম্পর্ক এবং ত্যাগের গল্প। শত চেষ্টা করেও আমরা আমাদের শিকড় থেকে, আমাদের নিজ নিজ সংস্কৃতি, রীতিনীতি থেকে দূরে সরে যেতে পারি না। সভ্যতা সবসময় আমাদের অতীত ও বর্তমানকে মনে করিয়ে দেয় এবং আমাদের ভবিষ্যত তৈরিতে সাহায্য করে। মূল্যবোধ থেকে দূরে সরে যাওয়া আমাদের পক্ষে কখনও সম্ভব নয়। নাটকে নিজের চরিত্র প্রসঙ্গে ছন্দা বলেন, ‘এখানে আমার চরিত্রটি অনেক মজার। দর্শকরা আমাকে এখানে ভিন্ন রূপে দেখতে পাবেন।’ ‘মন যে কিছু বোঝে না’ ধারাবাহিক নাটকটি প্রচার হবে এশিয়ান টিভিতে।
নতুন বিজ্ঞাপনে
সম্প্রতি সুপার হিরোইন শম্পা নতুন একটি বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করলেন। বাজারে নতুন আসা ‘রাজ ফ্যাশন স্যান্ডো গেঞ্জি’র এই বিজ্ঞাপনে তার সাথে পারফর্মেন্স করেছেন ইমন। এই প্রথমবারের মতো তাদের জুটিবদ্ধ করে রাজ ফ্যাশনের এবারের বিজ্ঞাপনটি নির্মাণ করেছেন আসাদুজ্জামান লিটন। গত ২০ জুন ঢাকার তেজগাঁওয়ে বিজ্ঞাপনটির শুটিং সম্পন্ন হয়েছে। এই বিজ্ঞাপন প্রসঙ্গে শম্পা বলেন, ‘আমার যতগুলো ভালো বিজ্ঞাপন আছে সবগুলোই লিটন ভাইয়েরই নির্মাণ করা। এই বিজ্ঞাপনে তারই নির্দেশনায় ইমন ভাইয়ের সাথে কাজ করেছি। অসাধারণ একটি বিজ্ঞাপন হয়েছে।’ রাজ ফ্যাশনের এবারের বিজ্ঞাপনটির জিঙ্গেল তৈরি করেছেন জেকে। এতে তার সাথে কণ্ঠ দিয়েছেন মারিয়া। উল্লেখ্য, শম্পা ফেরদৌস রেজা পরিচালিত ‘ওয়ান ওয়ে রোড’ ছবির শুটিং নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন। এই ছবিতে তার বিপরীতে আছেন সুপার হিরো সাগর।
ববিতাপুত্র অনিকের সম্মাননা ডিগ্রি অর্জন
দেশের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নায়িকা ববিতার ছেলে অনিক কানাডার ওয়াটার ল্যু ইউনিভার্সিটি থেকে সম্মাননা ডিগ্রি অর্জন করেছেন। গত ১৫ জুন বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে সমাবর্তন অনুষ্ঠানের মধ্যদিয়ে অনিক একসাথে দুটি সম্মাননা ‘ডিসটিসন’ ও ‘ডিন্স অ্যাওয়ার্ড’ লাভ করেন। একমাত্র ছেলের শিক্ষাজীবনের এই অর্জন নিজ চোখে দেখার জন্য অনুষ্ঠানের আগেই ববিতা সেখানে হাজির হয়েছিলেন। নিয়মতান্ত্রিক সমাবর্তন অনুষ্ঠানের মধ্যদিয়ে বিশ্ববিদ্যালয়ের তড়িত্ প্রকৌশল বিভাগ থেকে সম্মানের সহিত অনিকের এই সাফল্য অর্জনকে ববিতা তার জীবনেরই সেরা অর্জন হিসেবে বিবেচনা করেন।