ভারতের লোকসভা নির্বাচনের শেষদিকে জমে উঠেছে কথার লড়াই। সর্বশেষ গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে তীর্যক মন্তব্য করেছেন কংগ্রেস নেতা নবজত সিং সিধু। তার দাবি নরেন্দ্র মোদি নববধূর মতো ভান করছেন। গণমাধ্যমের সঙ্গে আলাপকালে ক্রিকেটার থেকে রাজনীতিক হওয়া সিধু বলেন, মোদি হলেন সেই বধূর মতো যিনি রুটি কম বানান, চুড়ি বেশি বাজান। যিনি প্রতিবেশীদের বোঝাতে চান তিনি অনেক কাজ করছেন। এটাই মোদি সরকার। সিধু বলেন, বিজেপি দেশকে লুট করছে কিন্তু এই ইস্যুতে কথা বলতে রাজি নন মোদি। এনডিটিভির এক খবরে এ তথ্য জানানো হয়েছে। সিধু ২০০৪ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত বিজেপির এমপি ছিলেন। ২০১৭ সালে তিনি কংগ্রেসে যোগ দেন। প্রসঙ্গত, বিতর্কিত মন্তব্যের জন্য সম্প্রতি নির্বাচন কমিশন নোটিস পাঠিয়েছে সিধুকে। গত মাসে তাকে ৭২ ঘণ্টার জন্য নির্বাচনী প্রচারণায় নিষিদ্ধ করে নির্বাচন কমিশন।
এদিকে নরেন্দ্র মোদিকে আক্রমণ করে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী বলেছেন, প্রধানমন্ত্রী দিনে ২১ ঘণ্টা কাজ করেন। অথচ আমার সঙ্গে মুখোমুখি বিতর্কে বসতে ভয় পান। আমার সঙ্গে ১৫ মিনিটের বিতর্কে বসলে পরদিন আর মুখ দেখাতে পারবেন না তিনি। খারগোন আসনে নির্বাচনী প্রচারণাকালে রাহুল বলেন, ২৩ মে ফল ঘোষণার পর মোদির কথার বেলুন ফেটে যাবে।
তবে প্রধানমন্ত্রী মোদিও ছেড়ে কথা বলছেন না। গতকাল উত্তর প্রদেশের গাজিপুরে এক জনসভায় তিনি কংগ্রেসকে আক্রমণ করে বলেছেন, তারা ‘হয়েছে-তো-হয়েছে’ মন্ত্রে দেশ চালিয়েছে। আমি সর্বোচ্চ সময় গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলাম, পাঁচ বছর প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছি। কিন্তু আমার কোনো ব্যাংক একাউন্টও নেই। আমি নিজের বা পরিবারের জন্য কোনো কিছু করিনি। সব কিছুই করেছি দেশের মানুষের জন্য।
অন্যদিকে প্রধানমন্ত্রী মোদিকে চড় মারতে চাননি বলে জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তিনি বলেছেন, আমি প্রধানমন্ত্রীকে গণতন্ত্রের থাপ্পড় মারতে চেয়েছি। প্রধানমন্ত্রী মোদির বুক তো ৫৬ ইঞ্জি। তাকে চড় মারলে আমার হাতই ভেঙে যাবে। আমি কীভাবে তাকে চড় মারতে পারি। তিনি আরো বলেছেন, অন্য রাজ্যে সুবিধা করতে না পেরে পশ্চিমবঙ্গে ঝুঁকেছে বিজেপি।
৫৯ আসনে ভোটগ্রহণ আজ
ভারতের লোকসভা নির্বাচনের ষষ্ঠ ধাপে সাত রাজ্যের ৫৯ আসনে আজ রবিবার ভোটগ্রহণ হচ্ছে। এই ধাপে উত্তর প্রদেশের ১৪, হরিয়ানার ১০, পশ্চিমবঙ্গ, বিহার ও মধ্যপ্রদেশের ৮টি করে, দিল্লির ৭টি ও ঝাড়খণ্ডের ৪ আসনে ভোটগ্রহণ হবে। ভোট দেবেন প্রায় ১০ কোটি ১৭ লাখ ভোটার। এই ধাপের ভোটে ভাগ্য নির্ধারিত হবে কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেতা রাধা মোহন সিং, হর্ষবর্ধন, নরেন্দ্র সিং তমার, কৃষাণ পল গুরজার ও রাও ইন্দ্রজিত্ সিংয়ের। এ ধাপে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিজেপির প্রজ্ঞা সিং ঠাকুর এবং সমাজবাদী পার্টির সভাপতি অখিলেশ যাদব। পশ্চিমবঙ্গে পাঁচ জেলার আটটি আসনে আজ ভোট হবে। ভোটগ্রহণের সময় আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য প্রস্তুত রাখা হয়েছে ১৪২টি কুইক রেসপন্স টিম। সকাল ৭টায় ভোট শুরু হয়ে তা চলবে সন্ধ্যা ৭টা পর্যন্ত। শেষ ধাপের ভোট হবে আগামী ১৯ মে। ভোট গণনা হবে ২৩ মে।