অবশেষে পূরণ হলো সিরাজগঞ্জবাসীর প্রাণের দাবি
আজ সিরাজগঞ্জ-ঢাকা রেল সার্ভিস চালু
প্রকাশ : ২৬ জুন ২০১৩, ২০:২০
২৭ জুন বহুল আকাঙ্খিত সিরাজগঞ্জ-ঢাকা রেল সার্ভিস চালু হচ্ছে। এই ট্রেন চালুর মধ্য দিয়ে সিরাজগঞ্জের মানুষের দীর্ঘদিনের দাবী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতি বাস্তবায়িত হতে যাচ্ছে। গত ৩ জুন সোমবার রেল মন্ত্রণালয়ে অনুষ্ঠিত বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। বৈঠকে ওই ট্রেনের সময়সূচী নির্ধারন করা হয়েছে। প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়ন কমিটির সমন্বয়ক ও জেলা আওয়ামীলীগের অন্যতম নেতা অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্না এ বৈঠকে উপস্থিত ছিলেন।
হাবিবে মিল্লাত মুন্না জানান, ইশ্বরদী থেকে একটি ট্রেন সকাল ৭.৪৫ মিনিটে ছেড়ে সিরাজগঞ্জে আসবে প্রতিদিন সকাল ১০ টায়। ৪৫ মিনিট সিরাজগঞ্জ বাজার ষ্টেশনে অবস্থানের পর ১০.৪৫ মিনিটে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে ট্রেনটি। অপরদিকে ঢাকা থেকে বিকেল ৫.০০ টায় ছেড়ে রাত সাড়ে ৯টায় সিরাজগঞ্জে পৌছবে। সিরাজগঞ্জ থেকে রাত ৯.৪৫ মিনিটে ইশ্বরদীর উদ্দেশ্যে ছেড়ে যাবে।
এক সময়ের রেলসিটি খ্যাত সিরাজগঞ্জ শহর দীর্ঘদিন ধরে আন্তঃনগর ট্রেন চলাচল বন্ধ ছিল। শুধুমাত্র একটি মেইল ট্রেন ইশ্বরদী থেকে সিরাজগঞ্জ যাতায়াত করত। ট্রেনের দাবীতে সিরাজগঞ্জ স্বার্থরক্ষা কমিটির ব্যানারে সর্বস্তরের মানুষ আন্দোল করে আসছে। ২০১১ সালের ৯ এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশাল জনসভায় ঢাকা-সিরাজগঞ্জ রেল যোগাযোগ চালুর প্রতিশ্রুতি দেয়ায় সিরাজগঞ্জবাসীর মাঝে আশার সঞ্চার হয়। প্রধানমন্ত্রীর দেয়া প্রতিশ্রুতির ২৬ মাস পরে এ রেল যোগাযোগ চালু করা হচ্ছে। ঢাকা-সিরাজগঞ্জ রেল যোগাযোগ চালুর লক্ষে রায়পুর ও বাজার স্টেশনে ভবন নির্মানসহ জেলার কামারখন্দ উপজেলার জামতৈল থেকে রায়পুর হয়ে বাজার স্টেশন পর্যন্ত সোয়া ৭ কিঃ মিঃ রেল লাইনের সংস্কার কাজ শুরু হয়েছে। এ কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে।