সিনেপ্লেক্সের রেকর্ড

যুক্তরাষ্ট্রে মুক্তির ১৫ দিনের মাথায় বাংলাদেশে মুক্তি পেতে যাচ্ছে সুপারম্যান সিরিজের নতুন ছবি ‘ম্যান অব স্টিল’। আর দেশের সিনেমাপ্রেমী দর্শকদের জন্য এই অভূতপূর্ব সুযোগটি করে দিচ্ছে স্টার সিনেপ্লেক্স। এত দ্রুত কোনো হলিউডি ছবি বাংলাদেশে মুক্তি পাওয়া এটি শুধু দেশের সিনেপ্লেক্সের জন্যই নয়, দেশের জন্যও নতুন এক রেকর্ড। আগামীকাল থ্রিডি প্রযুক্তি সম্বলিত থিয়েটারে ছবিটি মুক্তি দিচ্ছে তারা। ‘লাইফ অব পাই’, ‘আয়রন ম্যান থ্রি’র মতো সাড়া জাগানো ছবির পাশাপাশি ‘ম্যান অফ স্টিল’-এর আগমন ঢাকার সিনেমাপ্রেমীদের জন্য যেমন আনন্দবার্তা বয়ে এনেছে তেমনি আনন্দ জোয়ার চলছে জনপ্রিয় কমিক প্রকাশনা সংস্থা ডিকে কমিকসেও। কারণ, ‘সুপারম্যান’ এবার উদযাপন করছে ডায়মন্ড জুবিলি। ১২ জুন বেরিয়েছে এই সিরিজের নতুন কমিক। আর ১৪ জুন মুক্তি পেয়েছে সুপারম্যান সিরিজের বহুকাঙ্ক্ষিত ছবি ‘ম্যান অব স্টিল’। মুক্তির আগেই আলোড়ন তুলেছে ওয়ার্নার ব্রাদার্স পিকচার্স এবং লিজেন্ডারি পিকচার্সের এই ছবি। ধারণা করা হচ্ছে নতুন এই সুপারম্যান হবে এখন পর্যন্ত দর্শকদের দেখা সবচেয়ে শক্তিশালী সুপারম্যান। ক্রিপটন গ্রহে জন্ম নেওয়া শিশুটি একসময় বুঝতে পারে তার আছে অসাধারণ ক্ষমতা এবং সে এই পৃথিবীর নয়। তারুণ্যে সেই শিশুটিই তার উত্স খুঁজে বেড়ায়, জানতে চায় কেন তাকে এই পৃথিবীতে পাঠানো হয়েছে। সাংবাদিক কার্ক কেইন্টের বেশে সব অপশক্তি আর বিপদ থেকে পৃথিবীকে বাঁচানোই হয়ে ওঠে সুপারম্যানের লক্ষ্য। এটা অনেকেরই জানা। তাহলে ‘ম্যান অব স্টিল’-এ নতুন কী দেখবে দর্শক? জানা যাক সেই গল্প, এই প্রথম সুপারম্যান হিসেবে দর্শকের সামনে আসছেন ৩০ বছর বয়সী ব্রিটিশ বংশোদ্ভূত তারকা হেনরি ক্যাভিল। তবে হলিউডে তিনি নতুন নন। ফ্রিদা পিন্টোর সঙ্গে ‘ইমমর্টালস’ ছবিতে তাকে দেখা গেছে। তবুও সমালোচকদের মতে এ যাবত্কালের সবচেয়ে আকর্ষণীয় সুপারম্যান হিসেবে নিজেকে প্রমাণ করতে চলেছেন তিনি।