ইরাকে দফায় দফায় হামলা, নিহত ৩৯

ইরাকের রাজধানী বাগদাদজুড়ে সোমবার বেশ কয়েকটি গাড়িবোমা হামলায় ৩৯ জন নিহত হয়েছে। বাজার, গ্যারেজ লক্ষ্য করে শিয়া মুসলিমদের উত্সবকে কেন্দ্র করেই এই হামলা চালানো হয় বলে পুলিশ ও চিকিত্সা সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে। বেশ কয়েকটি হামলা চালানো হয় সেই জেলাগুলোতে যেখানে শিয়ারা তাদের এক ইমামের জন্মবার্ষিকীর উত্সব পালন করছিল। তাছাড়া শিয়া-সুন্নি উভয় সমপ্রদায় অধ্যুষিত এবং সুন্নি অধ্যুষিত জেলাগুলোতেও হামলার ঘটনা ঘটেছে। চলতি বছরের শুরু থেকেই ইরাকে হামলা-সহিংসতা বেড়েই যাচ্ছে। শুধু মে মাসেই দেশটিতে জঙ্গি ও বিভিন্ন সন্ত্রাসী হামলায় ১ হাজারেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছে। এ সংখ্যা ২০০৬-০৭ সময়ে দেশটিতে ঘটে যাওয়া ভয়াবহ সামপ্রদায়িক হামলা-সহিংসতার পর সবচেয়ে প্রাণঘাতী মাস হিসেবে স্থান করে নিয়েছে। শিয়াদের শক্তঘাঁটি বলে পরিচিত সদর শহরে এক গাড়িবোমা বিস্ফোরণে ৫ জন নিহত হয়। এতে অনেকে আহত হওয়ার পাশাপাশি বেশ কয়েকটি গাড়ি আগুনে পুড়ে যায় বলে জানা গেছে।