আজ তামিমের বৌভাত
প্রকাশ : ২৬ জুন ২০১৩, ২১:২৮
আকরাম খান এখন মহাব্যস্ত। আক্ষরিক অর্থেই কথা বলার সময় পাচ্ছেন না। এর মধ্যেই আবার জনে জনে ফোন করে শেষবারের মতো জেনে নিতে হচ্ছে—সব ঠিক আছে তো?
সামনে জাতীয় দলের কোনো খেলা নেই, অন্য কোনো ক্রিকেটীয় ব্যস্ততাও থাকার কথা নয়; তারপরও আকরাম খান কেন এমন ব্যস্ত? জাতীয় দলের সাবেক অধিনায়ক ও বর্তমান প্রধান নির্বাচক হাসলেন, ‘এটা তো আর ক্রিকেটীয় ব্যস্ততা না, পারিবারিক ব্যস্ততা। ভাতিজার বিয়ে দিচ্ছি; ব্যস্ত তো থাকতেই হবে। ছোট ভাতিজা বলে কথা।’ হ্যাঁ, এই আকরাম খান ব্যস্ত চাচা পরিচয়ে। আর ভাতিজাটিও তার সেরকম বিখ্যাত—তামিম ইকবাল খান। ফলে ক্রিকেট অঙ্গনের সবাইকেই ব্যস্ত করে ফেলার কথা এই এক বিয়ে।
তামিমের বিয়ের ব্যস্ততা অবশ্য চট্টগ্রামেই মিটে গেছে। আজ এই বিয়ে অনুষ্ঠানের আপাতত শেষ পর্ব—বৌভাত বা সম্বর্ধনা অনুষ্ঠান। ঢাকার অভিজাত একটি গলফ ক্লাবে আজ সন্ধ্যা সাড়ে সাতটায় শুরু হবে এই অনুষ্ঠান। আর সে নিয়েই এখন তুমুল ব্যস্ত খান পরিবার; বিশেষ করে আকরাম খান।
সেখানেই গত ২২ জুন ধুমধাম করে ঘরে তুলে নিয়েছেন তিনি দীর্ঘদিনের প্রেমিকা আয়েশা সিদ্দিকাকে। তিন দিনব্যাপী সে অনুষ্ঠান মুগ্ধ করেছে সবাইকে। সেখানে সাবেক ক্রিকেটাররা অনেকে ছিলেন, ছিলেন চট্টগ্রামের ক্রিকেটাররা। আর আসর মাতিয়েছেন ভারতীয় কাওয়ালী শিল্পীরাও।
তামিম ইকবালের পারিবারিক একটি সূত্র জানালো, আজকের এই অনুষ্ঠানে সেরকম কোনো পারফরম্যান্স থাকছে না। অবশ্য দরকারও হবে না। এমনিতেই অনুষ্ঠান আলোকিত করে ফেলবেন জাতীয় দলের সাবেক ও বর্তমান ক্রিকেটাররা। তামিম ইকবাল ও নাফীস ইকবালের সতীর্থরা, আকরাম খানের সতীর্থরা চট্টগ্রামে সেভাবে যেতে পারেননি সবাই। ফলে আজ এই অনুষ্ঠানটার প্রধান আকর্ষণ হয়ে উঠবেন দেশের শীর্ষ এই সাবেক-বর্তমান ক্রিকেটাররা। থাকবেন সংবাদ মাধ্যমে খান পরিবারের ঘনিষ্ঠরাও।
আর ঢাকার এই অনুষ্ঠানটির মূলত সমন্বয় করতে হচ্ছে তামিমের চাচা আকরাম খানকে। সাবেক এই অধিনায়কের ভগ্নিপতি ও দেশের বিশিষ্ট ক্রীড়া সংগঠক সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর বলছিলেন, ‘চট্টগ্রামে তো আমরা সামলেছি; এবার আকরামের পালা। ওকেই এবার বেশি চাপ নিতে হবে।’
সেটা আকরাম খান দারুণ পারছেন বলেই মনে হচ্ছে। চাপের কথা শুনে হাসতে হাসতে বললেন, ‘একটু ব্যস্ততা আছে। কিন্তু চাপ তেমন না। সব তো পরিচিতদের নিয়েই অনুষ্ঠান। আর পরিবারের ছোট ছেলের শখ, মনে রাখার মতো করে বিয়ে করবে; সেটা করতে না হয় একটু চাপ নিলামই।’