দ্বিতীয় রাউন্ডে সেরেনা-জোকোভিচ

পুরুষ এবং মহিলা এককের দুই শীর্ষ বাছাই নোভাক জোকোভিচ এবং সেরেনা উইলিয়ামস সহজ জয়ে গত মঙ্গলবার উইম্বল্ডনের দ্বিতীয় রাউন্ডে পা রেখেছেন। দ্বিতীয় রাউন্ডের ম্যাচে গতকাল বুধবার জয় পেয়েছেন স্পেনের নিকোলাস আলমেগ্রো, ভার্নান্দো ভার্দেসো এবং রাশিয়ার মিখাইল ইয়ুজনি। অন্যদিকে দ্বিতীয় রাউন্ডেই বিদায় নিতে হয়েছে দুই সাবেক এক নম্বর আনা ইভানোভিচ এবং ক্যারোলিন ওজনিয়াকি কে। টুর্নামেন্টে নিজের প্রথম ম্যাচে সেরেনা হয়তো নিজের সেরা ফর্মে ছিলেন না, কিন্তু এরপরও তার সামনে দাঁড়াতেই পারেননি লুক্সেমবার্গের ম্যান্ডি মিনেলা। মাত্র ৫৭ মিনিটের লড়াইয়ে ৬-১, ৬-৩ গেমে তাকে উড়িয়ে দিয়েছেন মহিলা টেনিসের শীর্ষ তারকাটি। তবে প্রত্যাশিত জয়ের পরেও নিজের পারফরম্যান্স নিয়ে খুশি নন এই আমেরিকান সুপারস্টার। তার কারণ হয়তো অখ্যাত প্রতিপক্ষের বিরুদ্ধে দ্বিতীয় সেটে নিজের সার্ভে পয়েন্ট খোয়ানোর বিষয়টি। সর্বশেষ পাঁচ ম্যাচে যা ছিল প্রথমবারের মতো। নিজের হতাশা লুকানোর কোন চেষ্টাই করেননি ৩১ বছর বয়সী এই তারকা, ‘বেশকিছু কারণেই হয়তো ম্যাচে আমি ততটা সপ্রতিভ ছিলাম না। আমার মনে হয় না ম্যাচে আমি নিজের সেরা ফর্মে ছিলাম। দ্বিতীয় সেটে নিজের সার্ভে পয়েন্ট খুইয়ে আমি সত্যিই হতাশ।’ তবে নিজের এমন পারফরম্যান্সের পেছনের কারণও খুঁজে বের করেছেন সেরেনা, ‘এটা আসলেই খুব কঠিন। এ বছর ক্লে কোর্টে আমি প্রচুর ম্যাচ খেলেছি। আমার ক্যারিয়ারে এমনটা কখনও করেছি বলে মনে পড়ে না। স্বভাবতই এখানে মানিয়ে নিতে সমস্যা হচ্ছে। আপনাকে এই বাউন্সের সাথে মানিয়ে নিতে হবে। আর বলও এখানে দ্রুত আসে। আপনাকে হাঁটু বাঁকাতে হবে এবং নীচু হয়ে থাকতে হবে।’ এদিকে লি না ৬-১, ৬-১ গেমে হারিয়েছেন মিসেলা ক্রাজিচেককে। আর পোলিশ তারকা রাদওয়ানস্কাও একই ব্যবধানে হারিয়েছেন ইয়াভোনে মিউসবার্গারকে। এছাড়া জয় পেয়েছেন দাতে ক্রম, সামান্থা স্টোসারও। অন্যদিকে প্রথম রাউন্ডে এদিন জোকোভিচের প্রতিপক্ষ ছিলেন ফ্লোরিয়ান মায়ার। ৬-৩, ৭-৫, ৬-৪ গেমে মায়ারকে সহজেই পরাস্ত করেন সার্বিয়ান তারকাটি। তবে জোকোভিচের সম্ভাব্য সেমিফাইনাল প্রতিপক্ষ ডেভিড ফেরারের জয়টা এতটা সহজে আসেনি। মার্টিন অল্যান্ডকে হারাতে বাড়তি ঘাম ঝরাতে হয়েছে ফ্রেঞ্চ ওপেন রানারআপকে। ম্যাচের ফল ছিল ৬-১, ৬-৪, ৭-৫, ৬-২। এদিকে টমাস বার্ডিচ হারিয়েছেন মার্টিন কিলজানকে। আর হাস এবং দেল পোত্রোর জয় দুটি এসেছে যথাক্রমে দিমিত্রি তারসানভ এবং অ্যালবার্ট র্যামোসের বিরুদ্ধে।