জুভেন্টাসে আসছেন তেভেজ
প্রকাশ : ২৬ জুন ২০১৩, ২১:৩০
আর্জেন্টিনার স্ট্রাইকার কার্লোস তেভেজ সকল শর্ত মেনেই ম্যানচেস্টার সিটি থেকে সিরিএ চ্যাম্পিয়ন জুভেন্টাসে যোগ দিচ্ছেন বলে গত মঙ্গলবার ইতালির বিভিন্ন সংবাদ মাধ্যম জানায়। বর্তমানে ২৯ বছর বয়সী তেভেজ তিন বছরের চুক্তিতে ২৯ বারের ইতালিয়ান চ্যাম্পিয়নদের সাথে যোগ দিতে যাচ্ছেন। যদিও জুভেন্টাস এই ব্যাপারে কোন বক্তব্য দেয়নি। গেজেত্তা ডেলো স্পোর্ট, স্কাই স্পোর্টস ইতালিয়া, টুট্টোস্পোর্ট এবং কুরিয়ার ডেলো স্পোর্ট জানায় এই চুক্তিটি দুই ক্লাবের কর্মকর্তাদের একটি বৈঠকের মাধ্যমে শেষ হয়। তেভেজকে দলে পেতে জুভেন্টাস ১২ মিলিয়ন ইউরো (এক কোটি ২০ লাখ ইউরো) দিতে সম্মত হয়েছে। ইংলিশ প্রিমিয়ার লিগের দল ম্যানচেস্টার সিটির সাথে তেভেজের আরো এক বছরের চুক্তি ছিল। বর্তমান প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন ম্যানচেস্টার ইউনাইটেড থেকে তিনি সিটিতে এসেছিলেন ২০০৯ সালে। এরপর চার বছর তিনি সিটিতে কাটিয়েছেন। সিটিতে থাকাকালীন তেভেজ ২০১১-১২ মৌসুমে প্রিমিয়ার লিগ শিরোপা ও এফএ কাপ জয় করেছেন।