চলাচলের অযোগ্য লোহাগাড়ার আমিরাবাদ স্কুল সড়ক
মোহাম্মদ ইলিয়াছ, লোহাগাড়া (চট্টগ্রাম) সংবাদদাতা
প্রকাশ : ২৬ জুন ২০১৩, ২১:৩১
লোহাগাড়া উপজেলা সদরস্থ দরবেশ ডিসি সড়কের অংশ বিশেষ আমিরাবাদ স্কুল সড়ক নামে পরিচিত রাস্তাটি চলাচলের প্রায় অযোগ্য হয়ে পড়েছে। দীর্ঘদিন সড়কটি সংস্কার না হওয়ায় এর বিভিন্ন অংশের ইট সুরকি পুরোপুরি উঠে গেছে। রাস্তায় বড় বড় খানা খন্দের সৃষ্টি হয়েছে। সড়কটির এক পাশ দক্ষিণ চট্টগ্রামের সেরা বাণিজ্যিক কেন্দ্র বটতলী শহরস্থ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এবং অন্য পাশ টংকাবতি খালের পাড়ে গিয়ে শেষ হয়েছে। এলজিইডি’র ৪ কিলোমিটার দীর্ঘ এই সড়কের চার পাশে রয়েছে ঘনবসতিপূর্ণ এলাকা, ৩টি হাই স্কুল, ১টি মাদ্রাসা ও ৩টি প্রাথমিক বিদ্যালয়। এসড়ক দিয়ে দক্ষিণ সাতকানিয়া গোলাম বারী হাই স্কুল, জনকল্যাণ বালক-বালিকা বিদ্যালয় ও আমিরাবাদ সুফিয়া আলিয়া মাদ্রাসার হাজার হাজার শিক্ষার্থী প্রতিনিয়ত যাতায়াত করে। এছাড়াও প্রতিনিয়ত যাতায়াত করে তজু মুন্সী পাড়া, মহলী পাড়া, মাহালদার পাড়া, মাস্টার হাট, নয়া বাজার ও বাঁশখালীয়া পাড়াসহ অনেক এলাকার লাখ লাখ মানুষ জনগুরুত্বপূর্ণ ভগ্ন এই সড়কটিতে বর্তমানে যানবাহন চলাচল এমনকি হাঁটা চলাতেও অত্যন্ত বেগ পেতে হয়। সড়কটি চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক থেকে নিচু হওয়ায় বর্ষাকালে বটতলী শহরের পানি এসড়ক দিয়ে গড়িয়ে যাওয়ায় হাঁটু পরিমাণ পানিতে ডুবে থাকে সড়কটি। সড়কের দু’পাশে গাছের গুঁড়ি রাখায় চলাচলের জন্য এটি আরো অযোগ্য হয়ে পড়েছে। দক্ষিণ সাতকানিয়া গোলাম বারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মোজাফফর আহমদ বলেন, সড়কটি শিক্ষার্থী ও এলাকাবাসীর নিয়মিত যাতায়াতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই এটি দ্রুত সংস্কার প্রয়োজন। লোহাগাড়া উপজেলা প্রকৌশলী প্রতিপদ দেওয়ান জানান, সড়কটি সংস্কারের জন্য আর.টি.আই.পি প্রকল্পের অন্তর্ভুক্ত করা হয়েছে। আশা করি শীঘ্রই এর ফল পাওয়া যাবে।