গাজীপুর সিটি নির্বাচন
পরামর্শক কমিটি করে আধুনিক গাজীপুর গড়তে চান মান্নান
প্রকাশ : ২৬ জুন ২০১৩, ২১:৩২
একটি পরামর্শক কমিটি করে স্বল্প, মধ্যম ও দীর্ঘ মেয়াদী পরিকল্পনা গ্রহণের মাধ্যমে গাজীপুরকে একটি আধুনিক সিটি হিসাবে গড়ে তুলতে চান সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী অধ্যাপক এম এ মান্নান। সম্মিলিত নাগরিক কমিটি ও ১৮ দলীয় জোট সমর্থিত এই প্রার্থী মঙ্গলবার তার নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন। সকালে নগরীর একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি ১১ দফার এই ইস্তেহারের বিভিন্ন বিষয় তুলে ধরেন ।
নির্বাচনী ইশতেহারে বলা হয়েছে, সার্বিক কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার মাধ্যমে ‘সিটি গভর্নমেন্ট ব্যবস্থা’ প্রবর্তন করে গাজীপুর মহানগরকে সত্যিকারভাবে জনগণের ‘সেবা প্রদানকারী প্রতিষ্ঠান’ ও ‘আধুনিক নগরী’ হিসেবে গড়ে তোলা হবে। এ জন্য সমাজের সর্বস্তরের জনগণের সাথে মতবিনিময় করে অভিজ্ঞ ও বিশিষ্টজনের সমন্বয়ে ‘পরামর্শক কমিটি’ গঠনের মাধ্যমে সকল পরিকল্পনা গ্রহণ করা হবে। ।
অধ্যাপক এমএ মান্নান তার নির্বাচনী ইশতেহার ঘোষণার শুরুতেই নিজের ব্যক্তিগত তথ্যাদি তুলে ধরেন। ইশতেহার পাঠের আগে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) আসম হান্নান শাহ। এ সময় অন্যান্যের মধ্যে বিএনপির যুগ্ম মহাসচিব ও ডাকসুর সাবেক ভিপি আমান উল্লাহ আমান, দলের সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি ফজলুল হক মিলন, দলের নির্বাহী কমিটির সদস্য ও প্রধান নির্বাচন সমন্বয়কারী সাবেক এমপি হাসান উদ্দিন সরকার, বিএনপির কেন্দ্রীয় নেতা হাবিবুর রহমান হাবিব, জেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী ছাইয়েদুল আলম বাবুল, সাবেক এমপি ডা. দেওয়ান সালাহ উদ্দিন, জেলা জামায়াতের আমীর মাওলানা আবুল হাসেম খান প্রমুখ উপস্থিত ছিলেন।
নির্বাচনী ইশতেহারে অন্যান্য বিষয়ের পাশাপাশি নগরীতে প্রশস্ত রাস্তা নির্মাণ ও মেট্রো রেল চালু, তথ্য প্রযুক্তিনির্ভর একটি আধুনিক পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপন, মহানগরের গুরুত্বপূর্ণ এলাকাসমূহে আইটি ভিলেজ স্থাপন, আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত পর্যাপ্ত কারিগরী শিক্ষা প্রতিষ্ঠান ও প্রতিটি ওয়ার্ডে পাঠাগার স্থাপন করার অঙ্গীকার করা হয়েছে।